আন্তর্জাতিক ডেস্ক

  ৮ ঘণ্টা আগে

ট্যাংকারে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

ওমান উপকূলের কাছে পালাউয়ের পতাকাবাহী একটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার পর ৩ ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছিলেন। সেই তিন ভারতীয় নাবিকের সবাই নিহত হয়েছেন। এমনটাই বলা হয়েছে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, তারা তেলবাহী ট্যাংকার এমটি সেট্টেবেলোতে হামলা চালায়। তাদের অভিযোগ, ট্যাংকারটি ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীর বাইরে যুক্তরাষ্ট্রের বসানো অবরোধ ভাঙার চেষ্টা করেছিল বলে অভিযোগ করা হয়েছে।

এর আগে ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়ার (এফএসইউআই) সাধারণ সম্পাদক মনোজ যাদব সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘আমরা জাহাজটির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হইনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, দুইজন মারা গেছেন, আর প্রধান প্রকৌশলী এখনও নিখোঁজ হিসেবে আছেন।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এই হামলার কড়া নিন্দা জানিয়ে বলেছিল, ‘আমরা ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ সেট্টেবেলোতে আজকের এই হামলার নিন্দা জানাই। জাহাজটিতে থাকা ২৪ জন ভারতীয় ক্রুর মধ্যে এখন পর্যন্ত ২১ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৩ জন ভারতীয় নিখোঁজ বলে জানা যাচ্ছে। ওমানে আমাদের দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং চলমান অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ওমান কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে সমন্বয় করছে।’

মন্ত্রণালয় আরও জানিয়েছে, অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে। তারা বলেছে, ‘এই অঞ্চলে জাহাজ চলাচলে ধারাবাহিক হামলা গভীর উদ্বেগের বিষয় এবং এটি চলমান সংঘাতের সরাসরি ফল।’ ভারত আবারও সব পক্ষকে উত্তেজনা কমাতে এবং কূটনৈতিক সমাধানের পথে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আমরা আবারও উত্তেজনা অবিলম্বে প্রশমনের আহ্বান জানাই এবং চলমান আলোচনার সফল সমাপ্তি কামনা করি, যাতে কূটনৈতিক সমাধানের মাধ্যমে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসতে পারে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়