আন্তর্জাতিক ডেস্ক
জাল লাইসেন্সে ১৭ বছর ধরে পাইলট

কানাডায় প্রায় ১৭ বছর ধরে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই শত শত ফ্লাইট পরিচালনার অভিযোগে এয়ার কানাডার এক সাবেক পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। অন্টারিওর পিল আঞ্চলিক পুলিশ মঙ্গলবার জানিয়েছে, চার মাসের তদন্ত শেষে এয়ার কানাডার সাবেক ক্যাপ্টেন জিওফ্রি ওয়ালের বিরুদ্ধে প্রতারণাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
পুলিশের দাবি, ৫৯ বছর বয়সী ওয়াল ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত জাল পাইলট লাইসেন্স ব্যবহার করে ৯০০টিরও বেশি দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেছেন। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি এয়ার কানাডা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে নিজের যোগ্যতা সম্পর্কে ভুয়া তথ্য দিয়েছেন।
তদন্তকারীরা জানান, ওয়ালের বৈধ বাণিজ্যিক পাইলট লাইসেন্স ছিল। তবে বাণিজ্যিক উড়োজাহাজের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালনের জন্য যে ‘এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স’ প্রয়োজন, সেটি তার ছিল না।
"






































