ডেমরা (ঢাকা) প্রতিনিধি
ডেমরায় সামসুল হক স্কুল অ্যান্ড কলেজের সামনে ফাঁকা গুলি

রাজধানীর ডেমরায় ঐতিহ্যবাহী সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির আসন্ন নির্বাচন বানচালের উদ্দেশে শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে ককটেল বিস্ফোরণের চেষ্টা ও ৩টি ফাঁকা গুলি করেছে সন্ত্রাসীরা। আজ শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানটির গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত বৃহস্পতিবার গভীর রাতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে ৩টি মোটরসাইকেলে মুখ বেঁধে আসা কয়েকজন দুষ্কৃতকারী এ ঘটনা ঘটনায়। এ সময় খবর পেয়ে ডেমরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলে দুষ্কৃতকারীরা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় থানা পুলিশ শিক্ষাপ্রতিষ্ঠানটির ১ ও ২নং গেটের সামনে পড়ে থাকা ৩টি তাজা ককটেল উদ্ধার করে। ডেমরা থানা পুলিশ বলছে আতঙ্কের কোনো কারণ নেই, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে গভর্নিং বডির নিরপেক্ষ নির্বাচন সম্পন্নের লক্ষে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে ডেমরা থানার ওসি (তদন্ত) আবুল হাসনাত খন্দকার বলেন, একটি কুচক্রি মহল সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের আসন্ন গভর্নিং বডির নির্বাচন বানচালের চেষ্টার জন্য হয়তো উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।
জানা যায়, ওই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে তিন স্তরে কলেজ শাখা, মাধ্যমিক শাখা ও প্রাথমিক শাখার নির্বাচন অনুষ্ঠিত হবে। আর অভিভাবক প্রতিনিধির এ নির্বাচনে ঢাকা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে অনুষ্ঠিত হবে। এখানে অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষক-শিক্ষিকা ভোটকেন্দ্রের দায়িত্ব গ্রহণ করবেন না। এ বিষয়ে অভিভাবক প্রতিনিধি আবদুল আজিজ জানান, শিক্ষা, নৈতিকতা, সুশৃঙ্খলতা ও শিক্ষার মানোন্নয়ন বৃদ্ধির লক্ষেই অভিভাবক প্রতিনিধির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অথচ একটি কুচক্রি মহল তা বানচালের চেষ্টা করছে যাতে ভোটকেন্দ্রে ভয়ে কেউ না আসতে পারে।
এ বিষয়ে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন, এ নির্বাচন শিক্ষার্থী ও অভিভাকদের চরম প্রত্যাশার নির্বাচন। তবে এ বিষয়ে প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে। শুধু জেলা প্রশাসকের অফিস থেকে কর্মকর্তারা এসে গভর্নিং বডির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন। এ লক্ষে প্রয়োজনীয় সব প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে অতিরিকক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডি নির্বাচনের প্রিসাইডিং অফিসার শামিমা সুলতানা বলেন- কোনোভাবেই এ নির্বাচন বানচাল হবে না। এক্ষেত্রে প্রশাসনিক সব প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টিকারীদের দ্রুত শনাক্ত করছে প্রশাসন।
"








































