নিজস্ব প্রতিবেদক
থাইল্যান্ডে বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা

প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর থাইল্যান্ডে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা এবং বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটনসহ দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয় নিয়ে বাংলাদেশ ও থাইল্যান্ড আলোচনা করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার সকালে ব্যাংককে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং থাইল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী বিজাবাত ইসারাভাকদির মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা সফর শেষে ব্যাংককে যাত্রাবিরতিকালে হুমায়ুন কবির এ বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও থাইল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন এবং বাণিজ্য ও বিনিয়োগ, শ্রমবাজার, পর্যটন এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর থাইল্যান্ডে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে দুই পক্ষ মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে থাইল্যান্ডের অব্যাহত সমর্থনও কামনা করেন। থাইল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে দেশটির গঠনমূলক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা আরো গভীর করা এবং সদস্য দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদারের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ সেক্টরাল ডায়ালগ পার্টনারের মর্যাদা অর্জনে কাজ করে যাচ্ছে। বৈঠকে হুমায়ুন কবির বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
"







































