কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

  ৪ ঘণ্টা আগে

সন্তানকে নিজ প্রতিষ্ঠানে পড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষকদের প্রতি নিজ সন্তানকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আমি যখন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যাব, তখন শিক্ষকদের জিজ্ঞাসা করব- আপনার সন্তান কেন আপনার প্রতিষ্ঠানে পড়ে না? যদি নিজের সন্তানই সেখানে না পড়ে, তাহলে অন্য অভিভাবকরা কেন তাদের সন্তান সেই প্রতিষ্ঠানে ভর্তি করবেন? আগে নিজেদের প্রতিষ্ঠানের প্রতি আস্থা তৈরি করতে হবে। গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় আনন্দময়, কারিগরি ও জীবনমুখী শিক্ষা বাস্তবায়নে সরকার কাজ করছে। এ ধারাবাহিকতায় ২০২৭ সালের জানুয়ারিতে সারা দেশে ৩১ কোটি গুণগত ও মানসম্মত নতুন পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। তিনি আরো বলেন, ‘নতুন পাঠ্যবইয়ে বাংলাদেশের ইতিহাস সঠিক ও তথ্যভিত্তিকভাবে উপস্থাপন করা হবে। কোনো ধরনের ইতিহাস বিকৃতি, রাজনৈতিক প্রচার বা পক্ষপাতমূলক উপস্থাপনার সুযোগ থাকবে না। ইতিহাসকে ইতিহাসের মতোই তুলে ধরা হবে। শিক্ষামন্ত্রী জানান, ২০২৮ সাল থেকে ধাপে ধাপে নতুন কারিকুলামে নতুন বই সংযোজন করা হবে। পাঠ্যবইয়ে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলো বাস্তব তথ্যের ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হবে। শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পাঠ্যবইয়ের পাশাপাশি বিতর্কচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ধর্মীয় মূল্যবোধ, খেলাধুলা এবং বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ লক্ষে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে চুক্তি করে ৮০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। দেশের প্রতিটি বিদ্যালয়ে পাঠাভ্যাস গড়ে তুলতে বই সরবরাহ করা হবে। খেলাধুলার প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি উপজেলায় নিজস্ব ক্রীড়া দল গঠন করা হবে। জেলা ও বিভাগীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের পাশাপাশি নতুন শিক্ষাক্রমে খেলাধুলা ও পারিবারিক মূল্যবোধ (ফ্যামিলি ভ্যালু) অন্তর্ভুক্ত করা হয়েছে। মনোহরপুর উচ্চবিদ্যালয়ের সভাপতি আলহাজ খোরশেদ আলম মান্নানের সভাপতিত্বে এবং সাচার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নওশের আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, সহকারী কমিশনার আবু নাছির, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন এবং সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও সুধীজন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়