আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

  ৩ ঘণ্টা আগে

হুমকির পর তিন পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

জয়পুরহাটের আক্কেলপুরে চিরকুটে একাধিকবার প্রাণনাশ ও ক্ষয়ক্ষতির হুমকি দেওয়ার পরে একযোগে তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে বিভিন্ন প্রজাতির মাছ মারা গিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি।

গতকাল শুক্রবার সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের হরিসারা চাপাগাছি গ্রামের মৎস্যচাষি কামরুজ্জামানের পুকুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৎস্যচাষি কামরুজ্জামানের ছোট ভাই নুরজ্জামান বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ এবং ওই মৎস্যচাষি সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে ৬০ হাজার টাকা দিয়ে তিনটি পুকুর বর্গা নিয়ে মাছ চাষ শুরু করেন কামরুজ্জামান। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখেন, তার তিনটি পুকুরেই বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে উঠেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় তার পাঁচ লাখ টাকার মাছ নিধন হয়েছে বলে তিনি দাবি করেছেন।

থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রায় চার মাস আগে গভীর রাতে তাদের বাড়ির খড়ের গাদায় আগুন দেওয়া হয়। এরপর কয়েক দিন ধরে অজ্ঞাত ব্যক্তি তাদের বাড়িতে চিরকুট ফেলে যায়। সেখানে ‘তোদের আর ছাড়ব না’ এবং ‘যেমন করেছিস, তেমন ফল পাবি’ এ ধরনের হুমকি লেখা ছিল। অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, পূর্বশত্রুতার জের ধরে দুইজন প্রতিবেশী ও তাদের লোকজন বিভিন্ন সময়ে তাদের ক্ষতি করে আসছে। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি কামরুজ্জামান বলেন, ধারদেনা করে বর্গা নিয়ে তিনটি পুকুরে মাছচাষ করেছি। সকালে পুকুরে গিয়ে দেখি রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, পাঙাশ, গ্রাসকার্প, বাটাসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। সব মিলিয়ে আমার পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই মাছ বিক্রির টাকায় আমার পরিবারের সংসার চলতো। এখন আমি পথে বসার উপক্রম। আমি এর বিচার চাই।

স্থানীয় ইউপি সদস্য বায়োজীদ হোসেন বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে উঠেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এর আগে ওই পরিবারের খড়ের পালায় আগুন দেওয়া ও চিরকুট লিখে হুমকির অভিযোগও শুনেছি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়। আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা বলেন, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়