চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ২৩ ঘণ্টা আগে

চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ নারী ও কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর-বাদুড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লক্ষ্মীপুর-বাদুড়তলা এলাকার মো. ভিকুর স্ত্রী মোসা. হাসিনা বেগম (৫০), তার নাতনি ও লক্ষ্মীপুর হাজিপাড়ার মো. বাবুর মেয়ে মোসা. মীম (১৩) এবং রাজশাহীর তানোর উপজেলার কইচামোহনপুর এলাকার মো. এরশাদ আলীর মেয়ে মোসা. আশা (২৮)। আশা সম্পর্কে হাসিনা বেগমের ভাতিজি এবং মীম ও আশা দুজনই ওই বাড়িতে বেড়াতে এসেছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে হাসিনা বেগম ঘুম থেকে উঠে ছাদে যাওয়ার জন্য বাড়ির ভেতরে রাখা একটি লোহার সিঁড়িতে স্পর্শ করেন। কিন্তু সিঁড়িটি আগে থেকেই কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় ছিল। হাসিনা বেগম সেখানে আটকে গেলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন নাতনি মীম এবং ভাতিজি আশা। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। মরদেহগুলো বর্তমানে নিহতদের নিজ বাড়িতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়