জাহাঙ্গীর হোসেন, পটুয়াখালী
সাগরের মাছ
কুয়াকাটায় বিরল শোল ১৪ হাজারে বিক্রি

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ২০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। বিশাল আকৃতির এ মাছটি দেখতে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ভিড় করেন উৎসুক মানুষ। গতকাল মাছটি বিক্রির জন্য আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ‘মেসার্স ফাইভ স্টার ফিস’ আড়তে আনা হয়। পরে প্রতি কেজি ৭০০ টাকা দরে মোট ১৪ হাজার টাকায় মাছটি যৌথভাবে কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী আব্দুর রহমান খান ও মো. সোহাগ আহমেদ।
ট্রলার মাঝি রুহুল আমিন জানান, বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রায় ৯ দিন গভীর সমুদ্রে মাছ ধরছিলেন তারা। অন্যান্য মাছের সঙ্গে হঠাৎ করেই জালে উঠে আসে বিশাল আকৃতির এই সামুদ্রিক শোল মাছ। দীর্ঘদিনের কষ্টের পর এমন একটি মাছ ভালো দামে বিক্রি করতে পেরে তিনি ও তার সহকর্মী জেলেরা আনন্দিত।
মাছটির ক্রেতা আব্দুর রহমান খান ও মো. সোহাগ আহমেদ বলেন, এত বড় সামুদ্রিক শোল সচরাচর বাজারে পাওয়া যায় না। তাই বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং নিজেরা খাওয়ার জন্যই মাছটি কিনে সমান ভাগে ভাগ করে নিয়েছেন। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সামুদ্রিক শোল গভীর সমুদ্রের একটি বিরল প্রজাতির মাছ। অনুকূল পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য পেলে এ মাছ আকারে অনেক বড় হতে পারে। তিনি বলেন, এ ধরনের বড় মাছ নিয়মিত ধরা পড়লে উপকূলীয় জেলেরা আর্থিকভাবে লাভবান হবেন এবং দেশের মৎস্য অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
"







































