জহিরুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী)

  ২৫ ফেব্রুয়ারি, ২০২২

চর বিজয় নতুন সম্ভাবনার দ্বীপ

কুয়াকাটা থেকে ইঞ্জিনচালিত বোটে চেপে সমুদ্রকে উপভোগ করতে করতে প্রায় ২ ঘণ্টার মধ্যে দেখা মিলবে চর বিজয়ের। নামে চর, আদতে এটি দ্বীপ। কুয়াকাটার বেলাভূমি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সাগরের বুক চিরে জেগেছে এটি। ২০১৭ সালের ডিসেম্বর মাসে এই চরের খোঁজ মেলে। তাই নাম রাখা হয় চর বিজয়।

গাংচিল, পরিযায়ী পাখি আর কাঁকড়ার রাজত্ব এখানে। বছরের ৬ মাস ডুবে থাকলেও শীত মৌসুমে আনুমানিক ৫ হাজার একর আয়তন নিয়ে জেগে ওঠে এই দ্বীপ। দ্বীপের যেখানেই চোখ যাবে সেখানেই মনে হবে ছোট ছোট নদী বয়ে যায়। বঙ্গোপসাগরের অভ্যন্তরে অথৈ জলরাশির মধ্যে আকাশ আর মাটির মিতালি তৈরি করেছে জেগে ওঠা এক নতুন চর। উঠতি সকাল আর পড়ন্ত বিকালে সুর্যিমামার আলোর ছটায় দূর থেকে পুরো দ্বীপটি দেখতে বর্ণিল মনে হয়।

অতিথি পাখি আর লাল কাঁকড়ার অবাধ বিচরণ এ চরে। ক্রমে ক্রমে আরো বেশি আয়তন নিয়ে পরিণত হচ্ছে স্থায়ী ভূখণ্ডে। একটু নিশ্চুপ দাঁড়িয়ে থাকলে গর্ত থেকে বেরিয়ে আসে লাল কাঁকড়া। কয়েক মিনিটের মধ্যে ভরে যায় বালুর চর। অতিথি পাখি আর লাল কাঁকড়ার জন্য কুয়াকাটার চর বিজয় পর্যটকদের কাছে দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে। এখানে আসা পর্যটকরা বলছেন, বাংলাদেশের কোনো চরে এত অতিথি পাখি দেখা যায় না। ঢাকা থেকে ঘুরতে আসা কলেজশিক্ষার্থী ইভা জানান, কোথাও এমন মনোমুগ্ধকর চর

আর দেখিনি। মাথার ওপরে পাখি উড়ে এ এক অন্যরকম অনুভূতি। পর্যটকদের দাবি, পরিবেশ ও প্রকৃতি ঠিক রেখে যেন এখানে উন্নয়ন করা হয়।

ইলিশসহ সামুদ্রিক মাছের অভয়ারণ্য হওয়ায় সারা বছর এই দ্বীপের আশপাশে থাকে জেলেদের উপস্থিতি।

চর বিজয় ঘুরতে আসা পর্যটকরা যেকোনো সমস্যায় পড়লে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ওয়াটার বাইকে দ্রুত ছুটে আসেন। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক প্রতিদিনের সংবাদকে বলেন, চর বিজয় কুয়াকাটার একটি অন্যতম আকর্ষণীয় স্থান। এটি দ্বিতীয় সেন্টমার্টিন হওয়ার সম্ভাবনা রয়েছে।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মনে করেন, পরিকল্পিত বনায়ন এবং জীববৈচিত্র্য সংরক্ষণের সমন্বিত কার্যক্রম নেওয়া হলে পর্যটন শিল্পে এই চর যোগ করতে পারে এক নতুন সম্ভাবনা।

বিশেষজ্ঞরা মনে করেন, সাগরের বুক চিরে জেগে ওঠা দ্বীপগুলো রক্ষণাবেক্ষণ করলে দেশের পর্যটনশিল্পে ঘটবে বৈপ্লবিক পরিবর্তন এবং রাজস্ব খাতে যোগ হবে এক নতুন মাত্রা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়