মাগুরা প্রতিনিধি

  ৪ ঘণ্টা আগে

আওয়ামী সরকার ১৬ বছর দেশকে জিম্মি করে রেখেছিল

সংস্কৃতিমন্ত্রী

বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার এদেশকে জিম্মি করে রেখেছিল। দেশে কোনো আইন ছিল না। মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। শোষণ বঞ্চনার শিকার হয়েছিল এ দেশের সাধারণ মানুষ। এখন সময় এসেছে, এ দেশকে নতুনভাবে সাজানোর। বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের মানুষের নিরাপত্তা, অধিকার এবং দেশে সামাজিক কর্মকাণ্ড আরো চাঙ্গা করতে বর্তমান সরকার কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশকে সুন্দর করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বিগত সরকারের আমলে এ দেশে কোনো খাল খনন হয়নি। তাই দেশের খালগুলো খনন করে জীবিত করা হবে। খালগুলো পুনর্জীবিত হলে কৃষক বাঁচবে।

মাগুরা জেলা পুলিশ ও গ্রিন ভিউ সোশ্যাল মিডিয়ার আয়োজনে গতকাল শনিবার দুপুরে মাগুরা পুলিশ লাইনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন, সংস্কৃতিমন্ত্রী ও মাগুরা- ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। বর্তমান সরকার পরিবেশ রক্ষায় সারা দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে। এরই আলোকে সারা দেশে চলছে বৃক্ষরোপণ অভিযান। জলবায়ু ও পরিবেশ রক্ষায় আমাদের বৃক্ষরোপণ করতে হবে। মা-বাবা যেমন তার সন্তানকে লালন-পালন করেন তেমনি একটি বৃক্ষরোপণ করে তা লালন-পালন করতে হবে। বৃক্ষ শুধু আমাদের অক্সিজেন দেয় না। বৃক্ষ আমাদের নানা ফল দেয়। জ্বালানি কাঠ ও প্রয়োজনে আসবাবপত্র আমরা বৃক্ষ থেকে পেয়ে থাকি। তাই বসতবাড়ির আশপাশে, পতিত জমিতে, নদীর ধারে, বিদ্যালয়ের আশপাশে, বিভিন্ন প্রতিষ্ঠানের আঙ্গিনায় আমাদের বেশি বেশি ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগাতে হবে।

মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদ, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল ও গ্রিন ভিউ সোশ্যাল ডেভেলপমেন্ট এর সভাপতি মো. আশরাফুল আলম খান।

আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে জেলা পুলিশ মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ করবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়