রংপুর ব্যুরো
আকবরকে রংপুরে গণসংবর্ধনা

বাংলাদেশ ক্রিকেটের এটাই যেন শেষ সাফল্য না হয়। এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তা হলেই বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল হবে। সব অবস্থায় দলকে সর্মথন দিতে হবে। গতকাল দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রিড়া সংস্থা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জয়ের অনুভূতি প্রকাশ এ কথাগুলো বলেন বিশ্ব কাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলী। যুব বিশ্ব ক্রিকেটে ভারতকে হারিয়ে বিশ্বকাপ এসেছে রংপুরের আকবর আলীর হাত ধরে।
এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসিব আহসান। তিনি তার বক্তব্যে বলেন, রংপুরের কৃতি সন্তান আকবরের হাত ধরে যে সম্মান এসেছে এজন্য পুরো দেশবাসি গর্বিত। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ক্রিকেট বোর্ডের পরিচালক এ্যাড আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার আবু সুফিয়ান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মারুফ হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
ভারতের আকবর নামার চারশ বছর পর নতুন আকবরের ক্রিকেট সাম্রাজ্য বিজয়ে ঘুচে গেছে বাংলাদেশের দীর্ঘদিনের আক্ষেপ আর হতাশা। মুঘল অধিপতির মতই বাংলার যুবাদের অধিনায়ক আকবরও এখন ‘আকবর দ্য গ্রেট’। মুঘল সাম্রাজ্যের অধিপতি আকবরে যেমন আলোকিত ভারত বর্ষের ইতিহাস। তেমনি যুবাদের বিশ্ব ক্রিকেট যুদ্ধ মঞ্চে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পূর্ণ করেছে আকবরের বাংলাদেশ।
সকাল থেকেই আকবর আলীকে বরণ করে নিতে প্রস্তুত ছিল রংপুরবাসি। বিশ্বজয়ের পর যে এটাই তার প্রথম নিজ জেলায় সফর ছিল। তার শৈশবের সোনলী দিনগুলো কেটেছে এই রংপুর শহরের পশ্চিম জুম্মাপাড়ায়। তাকে বরণ করে নিতে উৎসবের আমেজ ভরপুর ছিল পুরো রংপুর।
শুধু ক্রিকেট নিয়েই অবশ্য পড়ে থাকেননি আকবর। পড়াশোনাটাও দারুণভাবে করেছেন তিনি। ২০১৬ সালে তার এসএসসি পরীক্ষার সময় চলছিল প্রথম বিভাগ ক্রিকেট লিগ। তখন খেলা ও লেখাপড়া দুটিই সামলেছেন দারুণ মনোযোগে। এসএসসিতে জিপিএ-৫ পান তিনি। এইচএসসিতে জিপিএ ৪.৪২।
সবকিছুতে ভালো করার ধারাবাহিকতায় এবার বাংলাদেশ যুবদলের নেতৃত্বের ভার তার কাঁধে। দক্ষিণ আফ্রিকার আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেতৃত্বের ভার সামলে চমক দেখালেন আকবর আলী।
"








































