আজ বিশ্ব পর্যটন দিবস

আজ ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। জনসাধারণের মধ্যে পর্যটন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো এবারও বাংলাদেশে দিবসটি নানা আয়োজনে পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষ্যে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়।
প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ টুরিজম বোর্ডসহ বিভিন্ন পর্যটন সংস্থা দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
বাণীতে রাষ্ট্রপতি ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে তথ্য-প্রযুক্তিনির্ভর মধ্য আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে পর্যটন শিল্পের অবদান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, পর্যটন ব্যবসা পরিচালনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।
এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হয়েছে ৮ম এশিয়ান টুরিজম ফেয়ার-২০১৯। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ টুরিজম বোর্ডের সার্বিক সহযোগিতায় পর্যটন বিচিত্রা এ টুরিজম ফেয়ারের আয়োজন করছে।
রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ২৬, ২৭ ও ২৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
মেলায় অনুষ্ঠেয় এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন। মেলায় বাংলাদেশসহ ভারত, নেপাল, চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুরের বিভিন্ন পর্যটন সংস্থার ১২০টি স্টল অংশ নেবে।
পিডিএসও/তাজ









































