লামা (বান্দরবান) প্রতিনিধি
লামায় কৃষক কংগ্রেস, পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সমাবেশ অনুষ্ঠিত

লামায় কৃষক কংগ্রেস, পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস (জিএপি)-এর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় লামা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় কৃষক কংগ্রেস।
গ্রামের প্রান্তিক কৃষকদের জন্য অন্যরকম স্কুল ‘পার্টনার ফিল্ড স্কুল’। বিভিন্ন বয়সের কৃষক-কৃষাণীরা হচ্ছেন এই স্কুলের ছাত্র-ছাত্রী। তাদের হাতে কলমে শেখানো হচ্ছে পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও পরিবেশবান্ধব চাষাবাদের নানা উপায়। লামা উপজেলার বেশ কয়েকটি গ্রামে এর কার্যক্রম চলমান। কৃষকদের বাড়ির খোলা জায়গায় বসে ক্লাস করছেন কৃষক ও কৃষাণীরা। তারা শিখেছেন নতুন নতুন চাষ পদ্ধতি। এসব শিক্ষা ও এর বাস্তব প্রয়োগ করে নিজেরা উপকৃত হচ্ছেন একই সাথে পুষ্টি বান্ধব খাদ্য উৎপাদনের মাধ্যমে ভোক্তাদের চাহিদা পূরন হচ্ছে।
কৃষাণী মার্গারেট ত্রিপুরা জানান, সে লামা কৃষি সম্প্রসারণ বিভাগের পরিচালনায় ফিল্ড স্কুলে হাতে-কলমে শিখেন এবং ঢাকায় ১৫ দিনের পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণ করেছেন। সেখানে পরিবেশবান্ধব চাষাবাদের নানা কলাকৌশল শিখেন। বর্তমানে মার্গারেট নিজের বাড়িতে মাশরুম চাষ করে আয় করছেন এবং সেই আয়ে সন্তানদের পড়ালেখাসহ সংসারের খরচ সামলাচ্ছেন।
কৃষানী শরিফা আক্তার বলেন, আমরা এই পার্টনার ফিল্ড স্কুলে দলগত শিক্ষার মাধ্যমে পুষ্টি ও পরিবেশ বান্ধব চাষাবাদের পাশাপাশি সঞ্চয়ও করছি। এই স্কুল থেকে আধুনিক কৃষির বীজ কিভাবে সংরক্ষণ করতে হয়, বীজতলা তৈরি করতে হয়, কি ভাবে চারা (জালা) করতে হয় ও সেই চারা কত দিনের মধ্যে রোপণ করতে হয় তাও শিখতে পেরেছি।
অনুষ্ঠানে লামা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহেল রানা স্বাগত বক্তব্যে বলেন, পার্টনার প্রকল্পের আওতায় বিশ্বব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে পার্টনার ফিল্ড স্কুলের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোপন কান্তি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন লামা থানা অফিসার ইনচার্জ মো. শাহজাহান কামাল, বিএনপি নেতা সাবেক পৌর মেয়র আমির হোসেন, লামা তথ্য অফিসার রাশেদুল হক রাশেদ, বিএনপি নেতা আবদু রব, এনজেড মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম, লামা প্রেসক্লাব সেক্রেটারি মুহাম্মদ কামরুজ্জামান, লামা সদর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, জামায়াতে ইসলামী লামা উপজেলা আমির কাজী মোঃ ইব্রাহীম, উপ. প.প. কর্মকর্তা প্রবুজ বড়ুয়া।









































