ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ভৈরবে বাসস্ট্যাণ্ডে দুইপক্ষের সংঘর্ষ, সাড়ে ৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোবাস চালক ও যাত্রীর মধ্যে ভাড়া নিয়ে তর্কাতর্কির জের ধরে দুই পক্ষের সাড়ে ৫ ঘন্টা সংঘর্ষের পর ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। এই ঘটনায় অর্ধশত দোকানপাট লুটপাট, ১০টি বাস ভাংচুর ও ১টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
১০ জুন মঙ্গলবার রাত সাড়ে ৭টা থেকে শুরু হয়ে রাত ১২ টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরব দুর্জয় মোড় এলাকায় সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় থানার ওসিসহ উভয়পক্ষের প্রায় ৫০ জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত সিয়াম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে দুপক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষের এসময় ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।
পুলিশ সুত্রে জানা যায়, গত সোমবার ভৈরব দুর্জয় মোড় এলাকার একজন পুরুষ যাত্রী দুই জন মহিলা নিয়ে মাইক্রোবাস ভাড়া করতে আসে। এই সময় ভাড়া নিয়ে মাইক্রো চালক পলাশের সাথে তর্কসহ হাতাহাতি হয়। এই যাত্রী ছিল ভৈরব বাসস্ট্যান্ড এলাকার অন্তর লাল ও হুলুদের আত্বীয়। তাদের বাসা বাসস্ট্যান্ড এলাকায়। অপরদিকে চালকের বাসা কমলপুর এলাকায়। ঘটনাটি খবর অন্তর লালে কানে গেলে বুধবার দুপুরে অন্তর লাল ওই চালকের বাড়ী ও মাইক্রোস্ট্যান্ড অফিস ভাঙচুর করে। তারই জের ধরে মাইক্রোচালক পলাশ তার কমলপুর এলাকার যুবকদের দলবল নিয়ে অন্তর লালের বাসস্ট্যান্ড এলাকার হোটেল ও শোরুমে ভাংচুর করে। এসময় উভয়পক্ষ দেশীয় অস্ত্রসহ ইটপাটকেল নিক্ষেপ করে। এরই জের ধরে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উভয় দল দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে এই সংঘর্ষ বাঁধলে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় পুলিশসহ ২০ জন আহত হয়।
এবিষয়ে কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান শৈলী জানান, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করছে। কিন্ত নিয়ন্ত্রণে সম্ভব হয়নি। পরবর্তীতে কিশোরগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশসহ আমরা এসে রাত ১২টার পর দুপক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণ করেছি। তারপর মহাসড়কের যান চলাচলা স্বাভাবিক করা হয়। এই ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
পিডিএস/এমএইউ









































