ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
ডিমলায় জাল দলিল দিয়ে নামজারির চেষ্টা, দলিল লেখকসহ গ্রেপ্তার ২

নীলফামারীর ডিমলা উপজেলায় নামজারি শুনানির সময় জাল দলিল উপস্থাপনের অভিযোগে এক দলিল লেখক ও এক জমির মালিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে উপজেলা প্রশাসন। দলিল যাচাই-বাছাইয়ে জালিয়াতির প্রমাণ পাওয়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির এ পদক্ষেপ গ্রহণ করেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ জুন) বিকেলে ডিমলা উপজেলা ভূমি অফিসে নামজারি মামলা নং-৪৬৫৩/২৫-২৬-এর শুনানি চলছিল। শুনানির একপর্যায়ে আবেদনকারী পক্ষ সাব-কবলা দলিল নং-২১১৩/২৩ উপস্থাপন করলে দলিলটির তথ্য ও উপস্থাপনায় অসঙ্গতি লক্ষ্য করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে দলিলটির সত্যতা যাচাইয়ের নির্দেশ দেন।
পরে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে দলিলটি যাচাই-বাছাই করা হলে দেখা যায়, দলিলের তফসিল সংবলিত পাতায় অবৈধভাবে পরিবর্তন আনা হয়েছে। তদন্তে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
এ ঘটনায় নামজারির আবেদনকারী বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া ডাঙ্গারহাট এলাকার মৃত গোলজার হোসেনের ছেলে মো. লিয়াকত আলী (৪৭) এবং ডিমলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই ময়দানের ডাঙ্গা গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে তহমিদুল ইসলাম সুমন (৪২)-কে আটক করা হয়। পরে তাদের ডিমলা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা ভূমি অফিসের পেশকার তরনী কান্ত বাদী হয়ে ডিমলা থানায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৫(১)(গ) ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটির নম্বর-১২ এবং দায়েরের তারিখ ৯ জুন ২০২৬।
ডিমলা থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ভূমি সংক্রান্ত জালিয়াতি ও প্রতারণা রোধে প্রশাসনের কঠোর অবস্থান ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নামজারি ও দলিল যাচাই প্রক্রিয়ায় জাল নথি ব্যবহারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রবণতা কমাতে সহায়ক হবে বলেও তারা মনে করেন।
পিডিএস/এমএইউ









































