১৬ জন বিশিষ্ট নারী উদ্যোক্তাকে সম্মাননা দিল ঢাকা ব্যাংক

আন্তর্জাতিক এমএসএমই দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা ব্যাংক পিএলসি এমএসএমই পণ্য প্রদর্শনী মেলা এবং নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের ‘স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় গৃহীত ঋণ পরিশোধে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রণোদনা প্রাপ্ত সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করে।
গত রোববার (২৮ জুন) ঢাকার গুলশানে অবস্থিত ঢাকা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এমএসএমই পণ্য প্রদর্শনী মেলায় ঢাকা ব্যাংকের ঋণ সহায়তাপ্রাপ্ত পাঁচজন নারী উদ্যোক্তা তাঁদের উদ্ভাবনী পণ্য প্রদর্শন করেন, যা তাঁদের ব্যবসা সম্প্রসারণ ও বাজারজাতকরণের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। দিবসটি উপলক্ষে ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে অবস্থিত গুরুত্বপূর্ণ শাখাসমূহ ব্যানার, ফেস্টুন, বেলুন ও অন্যান্য প্রচারণামূলক উপকরণ দিয়ে সজ্জিত করা হয়, যা ব্যাংকের সার্বিক কার্যক্রমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে ঢাকা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইমার্জিং মার্কেট অফিসার মো. মোস্তাক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি)-এর অতিরিক্ত পরিচালক হাফিয়া তাজরীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার এ কে এম শাহনেওয়াজ, ইভিপি ও এমএসএমই অ্যান্ড ইমার্জিং বিজনেস ডিভিশনের প্রধান মোহাম্মদ মাহবুবুর রহমান পলাশ। সংবাদ বিজ্ঞপ্তি।
"








































