সংক্ষিপ্ত সংবাদ

ফল উৎসব
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এইচআর ক্লাবের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মৌসুমি ফল উৎসব। অনুষ্ঠানে এইচআর ক্লাবের সভাপতি ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মমিন উদ্দিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. হাছান উদ্দিন। এ সময় অনুষদের জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং এইচআর ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইয়াবাসহ গ্রেপ্তার
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার পল্টন মোড় এলাকা থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দসহ শরিফুজ্জামান সোহাগ (৩৩) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাঘাটা থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে এসআই শাকিলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি সোহাগ ওই স্থান থেকে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে তার দেহ তল্লাশি করে ৪৯ পিস নীল রঙের ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত টেকনো স্পার্ক নামে একটি স্মার্ট ফোন জব্দ করা হয়। গ্রেপ্তার সোহাগ উপজেলার জুমার বাড়ী ইউনিয়নের শিমুরতাইড় গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ইউএনওর সহায়তা
অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া, উড়োতলা ও মহাজেরপাড়া গ্রামের তিন শতাধিক পরিবার দুই মাস ধরে পানিবন্দি। এ অবস্থায় মানবেতর জীবন যাপন করছে তারা। দীর্ঘদিনের জলাবদ্ধতায় তিন গ্রামের সহস্রাধিক মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে দেখা দিয়েছে খাদ্য সংকট। গত শুক্রবার রাত ৯টা থেকে ওই তিন গ্রামের পানিবন্দি দুইশত পরিবারের জন্য বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন ইউএনও শেখ সালাউদ্দীন দিপু।
আর্থিক সহায়তা
নন্দীগ্রাম প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের পাঠাগার সম্পাদক, সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর মশিউর রহমান মানিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তার চিকিৎসার জন্য প্রেস ক্লাবের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শুক্রবার রাতে বগুড়ার কলোনীর সুপার কেয়ার হসপিটালে যান প্রেস ক্লাবের পৃষ্ঠপোষক ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার। তিনি আহত সাংবাদিকের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি আব্দুর রউফ রুবেল প্রদত্ত সহায়তা প্রদান করেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া।
চারা বিতরণ
লোহাগড়া প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে নড়াইলের লোহাগড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বিদ্যালয়ের ফলজ বাগান উদ্বোধন করা হয়েছে। জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে কর্মসূচির উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামানের সভাপতিত্ব করেন।
পুলিশে সোপর্দ
মঠবাড়িয়া প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিল্লাল তালুকদার (৩৫) নামের এক মাদককারবারিকে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। গত শুক্রবার বেল্লাল তালুকদার নামের ওই ব্যক্তি মাদক বিক্রির জন্য ধানীসিফা ইউনিয়নের উদয় তারা বুড়িরচর মমিন মসজিদ সড়কের ওসমান বাড়ির সম্মুখীন অপেক্ষা করছিল। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। তার কথায় অসংগতি মনে হলে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বেল্লাল তালুকদারের শরীর তল্লাশি করলে কাগজে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। এ ঘটনায় মঠবাড়িয়া থানার এসআই আবুল হাসান সিকদার বাদী হয়ে শুক্রবার রাতে একটি মামলা করেন।
"








































