গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপায় নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নকে বিভক্ত করে ‘নলুয়াবাগী’ নামে নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে জারি করা এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। গত ১৮ জুন জারি করা ওই পত্রে উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষর করেন।
পত্রে উল্লেখ করা হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরর ডিও লেটার এবং পটুয়াখালী জেলা প্রশাসকের সুপারিশের পরিপ্রেক্ষিতে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নকে বিভক্ত করে ‘নলুয়াবাগী’ নামে নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাব বিবেচনায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের ২০১৩ ও ২০১৪ সালের ইউনিয়ন পরিষদ বিভক্তকরণ ও পুনর্গঠন-সংক্রান্ত নীতিমালা এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১ ধারা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গোলখালী ইউনিয়নের আয়তন, জনসংখ্যা এবং প্রশাসনিক সেবা সহজীকরণের স্বার্থে ইউনিয়নটি বিভক্ত করে নতুন ইউনিয়ন গঠনের দাবি ছিল। সরকারের এ উদ্যোগ বাস্তবায়ন করা হলে স্থানীয় জনগণ
আরো সহজে নাগরিক ও প্রশাসনিক সেবা পাবে বলে আশা করা হচ্ছে।
"





































