reporterঅনলাইন ডেস্ক
  ৯ ঘণ্টা আগে

সংক্ষিপ্ত সংবাদ

চাকরি মেলা

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘জাকস ফাউন্ডেশনে’র বাস্তবায়নে এবং পিকেএসএফের আর্থিক ও কারিগরি সহায়তায় গতকাল সকালে শহরের সবুজনগরে ফাউন্ডেশনের প্রধান কার্যালয় চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পিকেএসএফের মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও রেইজ প্রকল্প সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মকছুদুল কবীর প্রমুখ।

টিউবওয়েল স্থাপন

সিংড়া প্রতিনিধি

নাটোরের সিংড়ায় সুপেয় পানির ব্যবস্থা করেছেন পৌর যুবদলের আহ্বায়ক ও সিংড়া পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী নাজমুল হক। নিজ অর্থায়নে সিংড়া বাসস্ট্যান্ড মসজিদের পাশে টিউবওয়েল স্থাপন করেন তিনি। গতকাল বেলা ১১টায় এর উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার। উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন ও যুবদলের নেতারা।

সেমিনার

হাজীগঞ্জ প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য শীর্ষক সেমিনার গতকাল উপজেলা ই-সেন্টারে অনুষ্ঠিত হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নজরুল ইসলাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেনের মুখ্য আলোচনাপূর্বক উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহমেদ তানভীর হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম প্রমুখ।

পার্টনার কংগ্রেস

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ গতকাল সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ?কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমেদ খান।

প্রশিক্ষণ

চৌহালী প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালীতে ব্র্যাকের উদ্যোগে ৩৭ জন উপকারভোগীর মাঝে মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ ও উন্নত মানের ২০টি করে মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে। গতকাল সকালে ব্র্যাক চৌহালী শাখার হলরুমে মাইক্রোফাইন্যান্স কর্মসূচি এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি স্বপ্ন সারথি সদস্যদের এ প্রশিক্ষণ ও মুরগি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ব্র্যাক চৌহালী সদর শাখার ব্যবস্থাপক আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের চৌহালী শাখার এরিয়া ম্যানেজার ইমরান হোসেন মোল্লা।

বিতরণ

ভূরুঙ্গামারী প্রতিনিধি

ভূরুঙ্গামারীতে সলিডারিটির উদ্যোগে গতকাল চরাঞ্চলের দুস্থ পরিবারের মধ্যে ছাগল, শস্য, শাক-সবজির বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও অমৃত দেব নাথ। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার প্রমুখ।

অর্থ সহায়তা

ধর্মপাশা প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের বাসিন্দা এক অসহায় প্রতিবন্ধী হতদরিদ্র নারীকে প্রবাসী কল্যাণ সমিতির (বিশ্বব্যাপী) পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে ইউএনও জনি রায়ের উপস্থিতিতে ওই নারীর প্রতিনিধি হিসেবে তার সহোদর ভাইয়ের হাতে এই অর্থসহায়তার নগদ ৫০ হাজার টাকা তুলে দেয়া হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, প্রবাসী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়