বিশ্বকাপ-২০২৬
চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় নেইমার

ব্রাজিল শিবিরে বইছে স্বস্তির বাতাস। চোট কাটিয়ে অবশেষে মাঠে ফেরার অপেক্ষায় নেইমার।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তবে নেইমারের প্রত্যাবর্তন নিয়ে মোটেও ভয় পাচ্ছেন না স্কটিশদের ডিফেন্ডার জ্যাক হেনড্রি।
মায়ামি স্টেডিয়ামে আগামী ২৫ জুন ব্রাজিলের বিপক্ষে খেলতে নামবে স্কটল্যান্ড। সে ম্যাচে নেইমারের মতো একজন ফুটবলারকে মোকাবেলা করতে পারবেন ভেবে বেশ উচ্ছ্বসিত হেনড্রি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘কোনো সমস্যা নেই। অবশ্যই নেইমারের বিপক্ষে খেলার অপেক্ষায় আছি। একটা ভালো লড়াই হওয়া উচিত। যদি সে খেলে আমি সেদিকে তাকিয়ে আছি।’
২০২৩ সালের অক্টোবরের পর আর ব্রাজিলের হয়ে খেলতে পারেননি নেইমার। পেশির চোট থাকার পরও তাতাঁকে বিশ্বকাপ দলে রেখেছেন সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তি। খেলার মতো পুরো ফিট না থাকায় সান্তোস তারকা ছাড়াই বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ খেলেছে ব্রাজিল।
বিশ্বকাপে ব্রাজিলের শুরুটা ছিল ভুলে যাওয়ার মতো। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে গোলশূন্য ড্র করেছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে ঘুরে দাঁড়িয়ে হাইতির বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় তুলে নেয় লাতিন আমেরিকার জায়ান্টরা। সে ম্যাচের পর আনচেলত্তি ইঙ্গিত দেন, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিরবেন নেইমার। ইতালিয়ান কোচের এই ঘোষণা ব্রাজিলের ভক্তদের জন্য বিরাট সুখবর হয়ে আসে।
এবারের বিশ্বকাপ নেইমারের কাছে বিশেষও বটে। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (১২৮ ম্যাচে ৭৯ গোল) আগেই ইঙ্গিত দেন, ২০২৬ বিশ্বকাপই সম্ভবত তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।









































