৭ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা
জুরাইন ও শ্যামপুরে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন জুরাইন ও শ্যামপুর এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে সোমবার (২২ জুন) এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে ৭টি মামলায় মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২২ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে জুরাইন ও শ্যামপুর এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালীন রাস্তার উভয় পাশের ফুটপাত ও সড়কে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট এলাকার ফুটপাত ও সড়ক সম্পূর্ণভাবে দখলমুক্ত ও পরিষ্কার করা হয়, যার ফলে পথচারীদের চলাচল সহজতর হয়েছে।
নগরবাসীর স্বার্থে জনদুর্ভোগ সৃষ্টিকারী অবৈধ দখল, ফুটপাত দখল এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কার্যক্রমের বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এই নিয়মিত মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালীন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।









































