ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
ধর্মপাশায় বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের তালুকদার বাড়ির উঠানে মঙ্গলবার (২৩জুন) সকাল ১১টার দিকে "Anti Child Marriage Organization (ACMO)" এর উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পেইনে বাল্যবিবাহের কুফল, শিশু অধিকার, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। এতে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা'সহ গ্রামের সাধারণ মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
ACMO-এর সদস্য ইহাদুল ইসলাম জিদান, আরোহি ইসলাম চাঁদনি, লাওহে মাহফুজ শোভিন ও সামিয়া জামান সারা উপস্থিত থেকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন ও বক্তব্যদেন।
এ সময় ইহাদুল ইসলাম জিদান তাঁর বক্তব্যে বলেন, “আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই যেখানে কোনো শিশুকে বাল্যবিবাহের শিকার হতে হবে না। প্রতিটি শিশু তার শিক্ষা, স্বাস্থ্য ও স্বপ্ন পূরণের সুযোগ পাবে। পাশাপাশি মাসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কিশোরী স্বাস্থ্য সুরক্ষা এবং অপুষ্টিমুক্ত শিশু গড়ে তুলতে পরিবার ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” এছাড়াও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।









































