বিশ্বকাপ ২০২৬
পায়ের গোড়ালিতে চোট, ছিটকে গেলেন শ্লটারবেক

পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন জার্মানির তারকা ডিফেন্ডার নিকো শ্লটারবেক।
যদিও আইভরিকোস্টের বিপক্ষে নাটকীয় ২-১ গোলের জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে জার্মানি। তবে নকআউট পর্বের ম্যাচের আগে বড় দুঃসংবাদ হয়ে এলো নিকোর চোট।
তীব্র ব্যথা নিয়েই কিছুক্ষণ মাঠে খেলা চালিয়ে গেলেও বিরতির পর আর তাকে মাঠে নামানো হয়নি। পরবর্তীতে এমআরআই পরীক্ষায় দেখা যায়, চোটটি বেশ গুরুতর এবং পুরোপুরি সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগবে। ফলে চলতি বিশ্বকাপে তার আর খেলা সম্ভব নয়।
এই অবস্থায় টুর্নামেন্টের নকআউট পর্বে বড় ধাক্কা খেল জার্মানি। ২০১৪ বিশ্বকাপ জয়ের পর টানা দুই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়া দলটি এবার অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে আগেই শেষ ৩২ নিশ্চিত করেছে। তবে গুরুত্বপূর্ণ এই সময়ে শ্লটারবেকের ছিটকে যাওয়া রক্ষণভাগে নতুন সমীকরণ তৈরি করেছে।
শ্লটারবেকের ইনজুরির পর দ্বিতীয়ার্ধে তাকে বদলি করে মাঠে নামানো হয় অ্যান্টোনিও রুডিগারকে। অভিজ্ঞ এই ডিফেন্ডারই এখন দলের রক্ষণভাগের নেতৃত্বে মূল ভরসা হিসেবে বিবেচিত হচ্ছেন। পাশাপাশি বিকল্প হিসেবে বেঞ্চে রাখা হয়েছে স্টুটগার্ডের ডিফেন্ডার ওয়ালদেমার অ্যান্টনকে, যিনি প্রয়োজন হলে রক্ষণ সামলাতে প্রস্তুত থাকবেন।
কোচ জুলিয়ান নাগেলসম্যান এখন বাধ্য হয়ে রক্ষণভাগ নতুন করে সাজানোর পরিকল্পনা করছেন। নকআউট পর্বের আগে এমন গুরুত্বপূর্ণ একজন ডিফেন্ডারের ছিটকে যাওয়া দলটির জন্য চিন্তার বিষয় হলেও জার্মান শিবির আশাবাদী, অভিজ্ঞতা ও বিকল্প শক্তির ওপর ভর করে তারা সামনে এগিয়ে যেতে পারবে।
অন্যদিকে ম্যাচে প্রতিপক্ষ হিসেবে থাকা আইভরিকোস্টের বিপক্ষে জয় পেলেও ম্যাচ শেষে শ্লটারবেকের ইনজুরিই হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। এখন নজর থাকবে, বদলি রক্ষণভাগ নিয়ে জার্মানি কতটা দ্রুত নিজেদের মানিয়ে নিতে পারে তার ওপর।









































