নরসিংদী ও বদলগাছী প্রতিনিধি
নরসিংদী ও বদলগাছী
বজ্রপাতে তিন মাদরাসাছাত্রসহ চারজনের মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে অজুু করার সময় বজ্রপাতে মাদরাসার তিন ছাত্র নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরেকজন। গতহ রবিবার সন্ধ্যার পর উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা ও শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, মাগরিবের নামাজের আগে মাদরাসায় অজু করার সময় ৪ ছাত্র আহত হন। এ সময় তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে নওগাঁর বদলগাছীতে বজ্রপাতে গুরুতর আহত আলাউদ্দিন (৫০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার রাত ১টার দিকে রাজশাহী থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত আলাউদ্দিন উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের নাজিরপুর গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার রাত ৮টার দিকে আলাউদ্দিন বালুভরা বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে নাজিরপুর-সরস্বতী সেতুর মাঝামাঝি এলাকায় পৌঁছলে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। বজ্রপাতে তার পিঠের একটি অংশ ঝলসে যায় এবং তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরো
অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ঘটনার সময় এলাকায় প্রবল বজ্রপাত হচ্ছিল। অল্প সময়ের মধ্যে কয়েক দফা বজ্রপাতের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে যান।
এ বিষয়ে বদলগাছী থানার ওসি রুহুল আমিন বলেন, বজ্রপাতে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
"






































