বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
গত মঙ্গলবার উপজেলার বুড়িচং সদর ইউনিয়নের জগতপুর গ্রামে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
এরা হলেন জগতপুর (জাবক্সি ভূঁইয়া বাড়ি) এলাকার আব্দুল হান্নান ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম শ্রাবণ (২৩) ও একই গ্রামের ফুল মিয়ার ছেলে ফয়সাল (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলার আসামি হিসেবে তাদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।
বুড়িচং থানার এসআই জয়নাল আবেদীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে এদের আটক করে।
বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান বলেন, সম্প্রতি কিশোর গ্যাংয়ের মহড়ার ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
"






































