হরমুজ প্রণালির মার্কিন অবরোধ ভেঙে বেরিয়ে গেল ইরানের ৩ ট্যাংকার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে চুক্তি নিয়ে আলোচনা শুরুর আগেই ইরানের তেল বহনকারী কয়েকটি ট্যাংকার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধসীমা অতিক্রম করেছে। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।
তেল পরিবহন ও সংরক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ট্যাংকারট্র্যাকার্স বুধবার (১৭ জুন) জানিয়েছে, ডিজিটাল ট্র্যাকিং তথ্য এবং স্যাটেলাইট চিত্রের মাধ্যমে যাচাই করে তারা ইরানের ‘দুই মাসের মধ্যে প্রথম অপরিশোধিত তেল রপ্তানি’ শনাক্ত করেছে।
যুদ্ধ অবসানের চূড়ান্ত সমঝোতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা শুক্রবার সুইজারল্যান্ডের বুর্গেনস্টক পর্বত রিসোর্টে শুরু হওয়ার কথা রয়েছে। ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর যুদ্ধের সূত্রপাত হয়েছিল। একই সময়ে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার খবর ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমে যায়।
ট্যাংকারট্র্যাকার্সের তথ্য অনুযায়ী, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির (এনআইটিসি) দুটি ট্যাংকার ডিওনা এবং হিরো মঙ্গলবার (১৬ জুন) অবরোধসীমা অতিক্রম করে বেরিয়ে যায়। এসব জাহাজে মোট ৩৮ লাখ ব্যারেল ইরানি তেল ছিল। একই সময়ে আরেকটি ট্যাংকার স্ট্রিম বুধবার ইরানের বন্দরগুলোর দিকে অগ্রসর হচ্ছিল।
এ ছাড়া এনআইটিসি পরিচালিত আরও একটি ট্যাংকার, যাতে ১০ লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল ছিল, বুধবার ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবরোধসীমা অতিক্রম করেছে বলে জানিয়েছে ট্যাংকারট্র্যাকার্স।
এক্সে দেওয়া এক পোস্টে সামুদ্রিক পরিবহন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানটি জানায়, সোনিয়া আই নামের জাহাজটি গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১টা ১১ মিনিটে ‘অবরোধসীমা অতিক্রম করে বেরিয়ে যায়।’
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের পরপরই আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আলোচনা ৬০ দিন ধরে চলবে এবং এর লক্ষ্য হবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো ও ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা নির্ধারণ করা।
মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সমঝোতা স্মারক সইয়ের পর যুক্তরাষ্ট্র ইরানকে তাৎক্ষণিকভাবে তেল ও জ্বালানি বিক্রি শুরু করার অনুমতি দেবে। এ বিষয়ে চুক্তির সঙ্গে পরিচিত নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের উদ্ধৃত করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত সঙ্গে সঙ্গেই কার্যকর হবে এবং এর আওতায় ব্যাংকিং, পরিবহন ও বীমাসহ সংশ্লিষ্ট সেবাগুলোও অন্তর্ভুক্ত থাকবে।
নাম প্রকাশ না করার শর্তে কথা বলা যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কাঠামোগত চুক্তিটি ইতোমধ্যে ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি এবং তেহরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।









































