তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
তাড়াশে শ্রী শ্রী লক্ষী নারায়ণ ও গোপালদেব মন্দিরে নববিগ্রহ প্রতিষ্ঠা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের তাড়াশ পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী লক্ষী নারায়ণ ও শ্রী শ্রী গোপালদেব বিগ্রহ মন্দিরে অত্যন্ত ভক্তি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নব বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব সম্পন্ন হয়েছে। বুধবার (১৭ জুন) দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মহোৎসব উদযাপিত হয়।
মন্দির পরিচালনা কমিটির আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলী, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নাজিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক এফ এম শাহ্ আলম, ছাত্র দলের সদস্য সচিব মো শাহাদাত হোসেন খন্দকার প্রমুখ।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি শিবেন্দ্র নাথ সরকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মন্দিরের সেবায়েত ও সাধারণ সম্পাদক আশুতোষ সান্যাল।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বিশেষ পূজা, প্রার্থনা, হোম যজ্ঞ এবং প্রসাদ বিতরণ। নব বিগ্রহ স্থাপনের মাধ্যমে মন্দিরের পবিত্র পরিবেশ ভক্তদের মাঝে এক অনন্য আধ্যাত্মিক আমেজ তৈরি করে।
উপস্থিত অতিথিরা মন্দিরের এমন সুন্দর আয়োজনের প্রশংসা করেন এবং সম্প্রীতির তাড়াশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সকল ভক্তের কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়।
পিডিএস/এমএইউ









































