রাঙামাটি প্রতিনিধি

  ০৭ আগস্ট, ২০২৪

রাঙামাটি শহর

জেএসএস-ইউপিডিএফ সংঘর্ষ পাল্টাপাল্টি ধাওয়া, আহত ২৬

আহত ছয়জন ইউপিডিএফের নেতাকর্মী ও বাকিদের সাংগঠনিক পরিচয় নিশ্চিত নয়

রাঙামাটিতে সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নেতাকর্মীর সঙ্গে প্রসীত দলের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নেতাকর্মী ও সমর্থকদের সংঘর্ষে ২৬ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুুপুরে জেলা শহরের কলেজগেট ও রাজবাড়ি এলাকায় এই সংঘর্ষ হয়।

আহতের মধ্যে ছয়জন ইউপিডিএফের নেতাকর্মী ও বাকি ২০ জন কোন সংগঠনের সদস্য, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে কর্মসূচিতে যাওয়া ইউপিডিএফের ৩০ সমর্থক নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেন সংগঠনের মুখপাত্র অংগ্য মারমা।

জানা গেছে, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর ইউপিডিএফের কর্মসূচি ঘিরে গতকাল দুপুরে রাঙামাটির সদর উপজেলার কুতুকছড়ি; কাউখালী ও নানিয়ারচর উপজেলা থেকে সড়ক ও নৌপথে জেলা শহরে প্রবেশ করেন ইউপিডিএফের নেতাকর্মী ও সমর্থকরা।

জেলা শহরে কলেজগেট এলাকায় কর্মসূচি বের করতে গেলে এক পর্যায়ে জেএসএসসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাধা দেয় বলে অভিযোগ তোলে কর্মসূচিতে থাকা নেতাকর্মীরা। এছাড়া নৌপথে ইউপিডিএফের সমর্থকরা রাজবাড়ি এলাকায় প্রবেশ করতে চাইলে জেএসএসের কর্মীরা ইটপাটকেল ছুড়ে মারার অভিযোগ তোলা হয়। পরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনার পর জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কার্যালয়ে ইটপাটকেল ছুঁড়ে মারা হয়। এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনেন।

ইউপিডিএফের কর্মসূচিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক সমর্থক জানান, সংগঠনের কর্মসূচি ঘিরে জেলা শহরে সড়ক ও নৌপথে প্রবেশ করতে চাইলে জেএসএসের নেতাকর্মীরা নৌপথ ঘাটে ইটপাটকেল মেরে হামলা করে।

জানতে চাইলে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, সংগঠনের নেতাকর্মীদের মিথ্যা মামলা থেকে অব্যহতি, খুন ও গুমের বিচারের দাবি নিয়ে রাঙামাটি শহরে কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় জেএসএসের নেতাকর্মীরা কর্মসূচিতে আসা নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন। এতে ৬ জনের অধিক আহত হয়েছেন, এছাড়াও কর্মসূচিতে যাওয়া ৩০ জন সমর্থক নিখোঁজ রয়েছেন।’ এ সবই জেএসএসের নেতাকর্মীরা করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।

এদিকে ঘটনার বিষয়ে জানতে চাইলে পাবর্ত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি জিকো চাকমা বলেন, দুপুরের ঘটনা বিষয়ে আলোচনা চলছে। তবে প্রেস বিবৃতির মাধ্যেমে জানানোর চেষ্টা করা হবে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর খান বলেন, ‘রাঙামাটিতে জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে ২০ জন এসেছিলেন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উনিশ বছর বয়সী থোই চোই মারমা নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়