reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

বাংলাদেশি সাত জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূল থেকে মাছ ধরার সময় সাত বাংলাদেশি জেলেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

সোমবার (১৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী আজ বিকেলে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ইউএনও জানান, কোস্ট গার্ডের মাধ্যমে বিষয়টি জানতে পেরে জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, সাতজন জেলেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে।

ইউএনও আরও বলেন, জেলেরা ভুলবশত মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় তাদের আটক করা হয়েছে। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিজিবি, কোস্ট গার্ড ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।

আটক জেলেরা হলেন ফয়সাল (২৬), জলিল (১৬), আজম (১৫), হেলাল (১৪), লাল মিয়া (১৯), সৈয়দ আলম (২১) ও মো.ফয়সাল (২২)। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা।

আটক হওয়া দুটি নৌকার মালিক শাহপরীর দ্বীপের কোনাপাড়া এলাকার মো. রাজ্জাক বলে জানা গেছে।

সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মান্নান জানান, শাহপরীর দ্বীপের প্রায় ৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায়, মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া এলাকার কাছে জেলেদের আটক করা হয়।

স্থানীয় জেলেদের বরাতে এই ইউপি সদস্য জানান, শাহপরীর দ্বীপের দক্ষিণ-পূর্বপাড়া ঘাট থেকে দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা নিয়ে ভোরে মাছ শিকারে যান জেলেরা। অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে আরাকান আর্মির সদস্যরা তাঁদের আটক করে নিয়ে যান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়