জবি প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

বাজেট বৈষম্যের প্রতিবাদ ও বাজেট বৃদ্ধির দাবিতে জকসু'র মানববন্ধন

২০২৬-২৭ অর্থবছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-কে নিয়ে ইউজিসির বাজেট বৈষম্যের প্রতিবাদ ও বাজেট বৃদ্ধির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে জকসু'র ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সময়ে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় খালেদা জিয়া প্রতিষ্ঠা করায় সরকারের ক্ষোভ আছে, যার ফলে সবদিক দিয়ে জবি অবহেলিত ছিল। আমরা আশা করেছিলাম বিএনপি সরকারের আমলে হয়তো জবির উন্নয়ন হবে কিন্তু উল্টো এ বছরে বাজেট বরাদ্দ কমেছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জবিতে দুটি হলের ব্যবস্থা করা হলেও এ সরকার জবির উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে।

জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হোসেন বলেন, ‘বিগত স্বৈরাচার সরকারের আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সর্বক্ষেত্রে অবহেলিত ছিল। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় বর্তমান সময়ে জবি বেশি বাজেটের দাবিদার কিন্তু এ অর্থবছরে বাজেট কমেছে যা দুঃখজনক। বর্তমান সরকারের কাছে অনুরোধ, বাজেট পুনর্বিবেচনা করে দ্বিগুণ করা হোক।

জকসুর এজিএস মাসুদ রানার সঞ্চালনায় মানববন্ধনে জকসু'র অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

২০২৬-২৭ অর্থবছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ১৮৬ কোটি ৬০ লাখ টাকার রাজস্ব বাজেট দেওয়া হয়।

দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেটের অংশ হিসেবে এ বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়