সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
সরাইলে নদী থেকে মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
গত রবিবার রাত ৯টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি নদীতে গোসল করতে নেমে হঠাৎ পানিতে তলিয়ে নিখোঁজ হন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে দীর্ঘ সময় চেষ্টার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
সরাইল ফায়ার সার্ভিস স্টেশন লিডার রিয়াজ মোহাম্মদ জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মরদেহ পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য স্থানীয় ইউপি সদস্য কবির আমলের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
"






































