মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু-চিকনগুনিয়া প্রজনন স্থান ধ্বংসের লক্ষ্যে মোংলায় ব্র্যাকের আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে মোংলাপোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম সড়কে এ কর্মসূচি পালিত হয়। ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আয়োজনে সার্ভিস বাংলাদেশ, বিডি ক্লিন ও মোংলাপোর্ট পৌরসভার সহযোগিতায় এ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়।
ধরিত্রী রক্ষায় আমরার (ধরা) কেন্দ্রীয় নেতা পরিবেশযোদ্ধা নূর আলম শেখের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী।
বিশেষ অতিথির বক্তৃতা দেন সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ। উপস্থিত ছিলেন ব্র্যাক স্বাস্থ্য প্রকল্পের সনৎ কুমার, জাফর আহমেদ, সিনিয়র সিটিজেন সাহেব আলী মল্লিক, সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, যুবনেতা সুমন মল্লিক, বিডি ক্লিনের আবু হাসান, পরিবেশকর্মী ডলার মোল্লা, পরিবেশকর্মী মেহেদী হাসান, ছাত্রনেতা সাকিব, রমজান আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় উপজলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, মানুষ সচেতন না হলে কেবল পৌর কর্তৃপক্ষের একার পক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব না। ক্লিন পৌর শহর গড়তে হলে সবাইকে সুনাগরিকের দায়িত্ব পালন করতে হবে। মানুষের সচতেনতায় ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রজনন স্থান ধ্বংসের মাধ্যমে পরিবেশবান্ধব ক্লিন মোংলা পৌর শহর গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে পরিবেশযোদ্ধা নূর আলম শেখ বলেন, জলবায়ু পরিবর্তন রোধ ও পৌরবাসীর সচেতনতা এবং পৌর কর্তৃপক্ষ’র যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে ডেঙ্গু-চিকুনগুনিয়া রোগমুক্ত মোংলা শহর গড়া সম্ভব।
"






































