ক্রীড়া ডেস্ক

  ১৮ ঘণ্টা আগে

পর্তুগালের দায়িত্ব পাচ্ছেন জেসুস

ফিফা বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন করে পথ চলতে শুরু করেছে পর্তুগাল। স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেন রবার্তো মার্টিনেজ। তার জায়গায় পর্তুগালের দায়িত্ব নিতে চলেছেন হোর্হে জেসুস। চলতি সপ্তাহেই মার্টিনেজের উত্তরসূরির নাম ঘোষণা করতে চায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন।

নতুন কোচের নাম সরাসরি প্রকাশ না করলেও বুধবার এফপিএফ সভাপতি পেদ্রো প্রোয়েনসা সাংবাদিকদের বলেন, ‘যিনিই নতুন কোচ হয়ে আসবেন, তাকে পর্তুগিজ ফুটবল সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে এবং ফেডারেশন ও জাতীয় দলের জয়ের মানসিকতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। আমাদের সামনে বেশ কিছু বিকল্প আছে। আমি নিজেই বিষয়টি তদারকি করছি এবং আশা করি সপ্তাহের শেষ নাগাদ ইতিবাচক কিছু জানাতে পারব।’

জনপ্রিয় পর্তুগিজ দৈনিক আ বোলা ও ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, পর্তুগাল জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে অভিজ্ঞ পর্তুগিজ কোচ জর্জ জেসুসকে নিয়োগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পর্তুগিজ ফেডারেশন।

গত মে মাসে ক্রিশ্চিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্সের ক্লাব আল নাসরকে সৌদি প্রো লিগের শিরোপা জেতানোর পর বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে আছেন জেসুস।

যদিও জেসুসের কোনো জাতীয় দলকে কোচিং করানোর পূর্ব অভিজ্ঞতা নেই। তবে ক্লাব ফুটবলে দেশ-বিদেশে তার সাফল্য আকাশচুম্বী। ২০২৫ সালে কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার আগে জেসুসের নাম আলোচনায় ছিল।

জেসুসের অধিনে ৩টি লিগ শিরোপাসহ মোট ১০টি ট্রফি জয় করে বেনফিকা। ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ফ্ল্যামেঙ্গোকে মাত্র এক বছরে (জুন ২০১৯ থেকে জুলাই ২০২০) ৫টি বড় ট্রফি জিতিয়ে ক্লাবটির ইতিহাসের সবচেয়ে সফল কোচ বনে যান তিনি। ২০২৩-২৪ মৌসুমে আল হিলালকে এনে দিয়েছেন ঘরোয়া ট্রেবল।

বিশ্বকাপের হতাশা ভুলে এখন দ্রুত ঘুরে দাঁড়াতে মরিয়া পর্তুগাল। টুর্নামেন্ট শুরুর আগে ফেবারিটদের তালিকায় থাকলেও মাঠের পারফরম্যান্সে তার প্রতিফলন দেখাতে পারেনি রোনালদোর দল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়