ক্রীড়া ডেস্ক
তুমি জানোই না আমি কে
এমবাপ্পে ও প্যারাগুয়ের সিনেটরের বাগযুদ্ধ

২০২৬ ফিফা বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরেও নতুন এক বিতর্কের জন্ম হয়েছে। ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে এবং প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিয়ার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বাগযুদ্ধ শুরু হয়েছে। ২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশের রোমাঞ্চকর ম্যাচে ফ্রান্স ১-০ গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেওয়ার পর এমবাপ্পেকে উদ্দেশ করে আমারিয়া এক পোস্টে তাকে ‘ঔপনিবেশিক মানসিকতার ক্যামেরুনীয়’, ‘জোর করে নিজেকে ফরাসি হিসেবে উপস্থাপনকারী’, ‘ক্ষুব্ধ’, ‘নতুন ধনী’, ‘অহংকারী’ এবং ‘কুৎসিত’ বলে মন্তব্য করেন।
এর জবাবে এমবাপ্পে পাল্টা মন্তব্য করলে সিনেটর আমারিয়া তার এক্স অ্যাকাউন্টে একটি খোলা চিঠি প্রকাশ করেন। সেখানে তিনি এমবাপ্পের কাছে প্রকাশ্যে ক্ষমা দাবি করেন এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। চিঠিতে তিনি স্পষ্ট করেন, তার বিরোধ ফ্রান্সের সঙ্গে নয়, শুধু এমবাপ্পের সঙ্গে। তিনি লেখেন, ‘সমস্যা তোমার আর আমার মধ্যে। আমি কখনো ফ্রান্সের বিরুদ্ধে কিছু বলিনি, বরং আমি ফ্রান্সকে ভালোবাসি। দুই বছর বয়স থেকে ১৭ বছর বয়স পর্যন্ত আমি একটি ফরাসি স্কুলে পড়েছি এবং সেখানেই আমার শিক্ষা সম্পন্ন হয়েছে। আজ আমি যা হয়েছি, তার পেছনে কলেজ দে লা ইনমাকুলে কনসেপসিয়নের অবদান রয়েছে। সেখানে আমরা ‘লা মার্সেইয়েজ’ গাইতাম এবং নিজেদের পতাকার পাশাপাশি ফ্রান্সের পতাকাকেও সম্মান করতাম। আমি ফরাসি ভাষায় কথা বলি এবং ফ্রান্সে যেতে ভালোবাসি। গত বড়দিন আমি পরিবারের সঙ্গে কুরশেভেলে কাটিয়েছি এবং নতুন বছর উদযাপন করেছি সাঁ-ত্রোপেজে। তাই ফ্রান্সের সঙ্গে আমার কোনো সমস্যা নেই, সমস্যা শুধু তোমার সঙ্গে।’
আমারিয়ার অভিযোগ, ম্যাচের আগে ও ম্যাচ চলাকালে এমবাপ্পে অহংকারী আচরণ করেছেন। ম্যাচটি ছিল কঠোর ট্যাকল ও খেলোয়াড়দের মধ্যে একাধিক উত্তপ্ত ঘটনার কারণে ব্যাপক আলোচিত। বিশেষ করে ম্যাচ শেষে ফ্রান্স জেতার পর এমবাপ্পে প্যারাগুয়ের গোলরক্ষকের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানান। আমারিয়া লেখেন, ‘ম্যাচের আগেই তোমার অহংকার আমাকে বিরক্ত করছিল। তুমি বলেছিলে, যদি আমাদের হাত নোংরা করতে হয়, তাহলে তাই করব।’ আমরা বোকা নই। আমরা বুঝেছি, তোমার কাছে ‘নোংরা’ বলতে প্যারাগুয়ের দলকেই বোঝানো হয়েছে, আর প্যারাগুয়ের দল মানেই পুরো প্যারাগুয়ে। এরপর তুমি বলেছিলে, আমাদের মেকআপ তুলে দেওয়া হবে। সেটাও আমরা বুঝেছি। হয়তো তুমি মেকআপে খুবই সুন্দর দেখাও, আর আমরা গরিব ও রুক্ষ মানুষ, মেকআপ কী তাও জানি না। পুরো প্যারাগুয়ে নীরবে এসব সহ্য করেছে। আমিও করেছি।
তিনি আরো অভিযোগ করেন, ম্যাচ চলাকালে তোমার অহংকার স্পষ্ট ছিল। তুমি প্রতিটি খেলোয়াড়কে এমনভাবে অবজ্ঞা করছিলে, যেন তারা ঘৃণ্য। এমনকি মুখও না ঢেকে তুমি বলেছিলে, ‘লা কনচা দে তু মাদ্রে’, যা লাতিন আমেরিকায় অত্যন্ত আক্রমণাত্মক গালি, আর সেটা তুমি ভালো করেই জানো। ম্যাচ শেষে প্যারাগুয়ের গোলরক্ষকের প্রতিও এমবাপ্পে যথাযথ সম্মান দেখাননি বলে অভিযোগ করেন তিনি। তিনি লেখেন, তুমি আমাদের গোলরক্ষকের শারীরিক অবস্থার প্রতিও কোনো গুরুত্ব দাওনি। এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ম্যাচ শেষে প্রতিপক্ষের প্রতি সম্মান দেখানো প্রায় পবিত্র একটি বিষয়- যুদ্ধ হোক বা শান্তি, জয় হোক বা পরাজয়। কিন্তু তুমি তার সঙ্গে করমর্দন করোনি, বরং তার মুখের সামনে দাঁড়িয়ে বিজয় উদযাপন করেছ। মাত্র কয়েক সেকেন্ডেই তুমি তোমার অবজ্ঞা, অহংকার এবং অশোভন আচরণের পরিচয় দিয়েছ। এতে আমি যেমন কষ্ট পেয়েছি, তেমনি পুরো প্যারাগুয়েও গভীরভাবে আহত হয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে ভদ্রতা ও মর্যাদার ঐতিহ্য বহনকারী দেশ হিসেবে ফ্রান্সের উচিত তোমার এ আচরণের জবাবদিহি নিশ্চিত করা।
আমারিয়া জানান, পরে তিনি নিজের আগের পোস্টটি মুছে ফেলেছেন। তিনি লেখেন, আমার আগের পোস্টগুলো ছিল প্রচণ্ড আবেগ থেকে লেখা। আমার শিরায় যে মিশ্র রক্ত প্রবাহিত হচ্ছে- আদিবাসী ও স্প্যানিশ রক্তের সেই সুন্দর মিশ্রণের আবেগ থেকেই আমি লিখেছিলাম।
তুমি যখন প্যারাগুয়ের সাহসী খেলোয়াড়দের উপহাস করলে, তখন আমি উত্তেজিত হয়ে একই ধরনের অপমানজনক ভাষা ব্যবহার করি। কিন্তু পরে বুঝতে পারি, আমি নিজেও তো মিশ্র জাতিসত্তা ও লাতিনা হওয়ার কারণে এমন অপমানের শিকার হই। তাই আমি পোস্টটি মুছে দিই। আমি বুঝতে পারি, আমি সেই ঘৃণারই পুনরাবৃত্তি করছি, যেটাকে আমি ঘৃণা করি। তাই আমি তা প্রত্যাহার করেছি। আমি বুঝি, এসব কথা তোমাকে কষ্ট দিয়েছে, কারণ এগুলো অপমানজনক।
"









































