ক্রীড়া ডেস্ক

  ৯ ঘণ্টা আগে

আনচেলত্তির ওপর আস্থা রাখছে ব্রাজিল

নরওয়ের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও কোচ কার্লো আনচেলত্তিকে দায়িত্বে রাখার পরিকল্পনা করছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল শেষ ষোলোয় নরওয়ের কাছে গত রবিবার ২-১ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

ম্যাচ শেষে ব্রাজিল জাতীয় দলের কো-অর্ডিনেটর রডরিগো কেটানো বলেন, ‘এখন আমাদের দায়িত্ব হলো এ বিষয়টির ওপর জোর দেওয়া; পুরো প্রক্রিয়াটি যেন স্বাভাবিকভাবে এগিয়ে যায় এবং কিছুটা শান্ত পরিবেশ বজায় থাকে। প্রয়োজনীয় সমন্বয় সাধন করে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত কোচের সঙ্গে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। আমরা অন্তত এতটুকু শান্ত ও স্থিতিশীল পরিবেশ চাই- যাতে সামনে এগিয়ে যেতে পারি এবং পরবর্তী বিশ্বকাপের জন্য যথাযথ প্রস্তুতি নিতে পারি। ২০২৫ সালের মে মাসে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলে আসা আনচেলত্তির সঙ্গে গত মাসে চুক্তি বৃদ্ধি করে সিবিএফ। নতুন চুক্তি অনুযায়ী ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তি ব্রাজিলেই থাকবেন।

৬৭ বছর বয়সি আনচেলত্তি ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বর্ধিত কলেবরের এবারের আসরে খেলতে এসেছিলেন। যদিও কিছুটা আগে-ভাগে বিদায় নিয়ে আনচেলত্তির যাত্রাকে সুখকর করতে পারেনি শিষ্যরা। কেটানো বলেন, ‘অবশ্যই এ মুহূর্তে সবাই দারুণ হতাশ। খেলোয়াড়, কোচিং স্টাফসহ সবাই মানসিকভাবে ভেঙে পড়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে কিছুটা সময় প্রয়োজন।’ একইসঙ্গে কেটানো আসরের ইতিবাচক দিকগুলোর দিকেও নজর দেওয়ার চেষ্টা করেছেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘অন্যদিকে, আমরা একসঙ্গে কাটানো সময়টাকেও উপেক্ষা করতে পারি না। বিশেষ করে সেই ৩৮টি দিন, যখন খেলোয়াড়রা, আমরা সবাই এবং আপনারাও তাদের নিষ্ঠা ও পেশাদারত্বের মান কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত।’

রবিবারের ম্যাচের পর আনচেলত্তি বলেন, এ পরাজয়কে তারা ‘নতুন অধ্যায়ের প্রেরণা’ হিসেবে ব্যবহার করবেন; ব্রাজিল ফুটবল কনফেডারেশনও একই ধরনের বার্তা দিয়েছে। এক্সে সিবিএফ লিখেছে, ‘ব্রাজিল জাতীয় দলের ইতিহাস শুধু অসাধারণ সাফল্যের নয়, বরং এমন কিছু মুহূর্তেরও, যা আমাদের পথচলাকে আরো শক্তিশালী করে। আজ আমরা বিশ্বকাপকে বিদায় জানাচ্ছি এ বিশ্বাস নিয়ে যে, আমরা আরো শক্তিশালী হয়ে ফিরব। ধন্যবাদ, ব্রাজিলের সমর্থকদের।’ ম্যাচ শেষে ব্রাজিল অধিনায়ক মারকুইনহোস প্রকাশ্যে সমর্থকদের কাছে ক্ষমা চান। তবে একইসঙ্গে তিনি অনুরোধ করেন, ভবিষ্যতে বড় কিছু অর্জনের লক্ষ্যে জাতীয় দলের পাশে থাকার জন্য।

মারকুইনহোস বলেন, ‘এখন আমাদের এ শিক্ষা থেকে শিখতে হবে এবং ব্রাজিলের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। আমি সবাইকে অনুরোধ করছি, এখন থেকেই দলকে সমর্থন করুন। আগামী বিশ্বকাপের আগে আমাদের হাতে চার বছর সময় আছে, এ সময়ে বড় কিছু অর্জনের জন্য কাজ করতে হবে।’ তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে নামা ৩২ বছর বয়সি মারকুইনহোস আরো ভালো ফলের আশা করেছিলেন। তবে তিনি স্বীকার করেন, নরওয়ের বিপক্ষে ব্রাজিল যথেষ্ট ভালো খেলতে পারেনি। তিনি বলেন, ‘তারা সুযোগগুলো কাজে লাগাতে পেরেছে অথচ আমরা আমাদের অনেক সুযোগ নষ্ট করেছি। আমরা একটি পেনাল্টিও কাজে লাগাতে পারিনি, আরো কয়েকটি সুযোগও হাতছাড়া করেছি। বিশ্বকাপে শেষ পর্যন্ত সেই দলই জেতে, যারা সবচেয়ে কম ভুল করে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়