ক্রীড়া ডেস্ক
সাইবারির রেকর্ডে স্কটল্যান্ডকে হারাল মরক্কো

বস্টন স্টেডিয়ামে গ্যালারির দর্শকদের অনেকেই তখনো ঠিকমতো আসন গ্রহণ করতে পারেননি। ঠিক এমন সময়, ম্যাচের শুরুর ৭০ সেকেন্ডেই স্কটল্যান্ডের রক্ষণভাগকে স্তব্ধ করে দেয় মরক্কো। এরপর আর গোলের দেখা পেল না কেউই।
গতকাল শনিবার ভোরে বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে মরক্কো। অ্যাটলাস লায়ন্সদের হয়ে ম্যাচের জয়সূচক গোলটি করেন ইসমাইল সাইবারি।
২ ম্যাচে এক জয় আর এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে দুইয়ে তারা। সমান ম্যাচে এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে স্কটল্যান্ড।
পুরো ম্যাচে ৫৯ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল ফিফা র?্যাংকিংয়ের ৭ নম্বরে থাকা মরক্কো। তাদের নেওয়া ১২টি শটের মধ্যে লক্ষে ছিল ২টি। র?্যাংকিংয়ের ৪২ নম্বরে থাকা স্কটল্যান্ডের দখলে ছিল ৩৯ শতাংশ বল পজিশন। তাদের নেওয়া ৬টি শটের মধ্যে লক্ষে ছিল না একটি শট। ম্যাচের ৭০ সেকেন্ডেই এগিয়ে যায় মরক্কো। নিজেদের মধ্যে বল পাসের পর স্কটল্যান্ডের রক্ষণভাগের ওপর দিয়ে দারুণ এক পাস বাড়ান ব্রাহিম দিয়াজ। বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান সাইবারি।
এই গোলের মাধ্যমে মিশরের মহাতারকা মোহাম্মদ সালাহর এক ঐতিহাসিক রেকর্ডেও ভাগ বসিয়েছেন ২৫ বছর বয়সি সাইবারি। আফ্রিকার ফুটবল ইতিহাসে সালাহর পর মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নিজের প্রথম দুটি বিশ্বকাপ ম্যাচেই গোল করার অনন্য কীর্তি গড়লেন তিনি। এর আগের ম্যাচে ব্রাজিলের বিপক্ষেও গোল করেছিলেন এই তারকা।
শুরুতেই এগিয়ে গিয়ে স্কটল্যান্ডের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালাতে থাকে মরক্কো। ম্যাচের ৩০ মিনিটে ডি-বক্সের ভেতর বল পেয়ে যান নিল এল আইনাউই। তবে তার নেওয়া শটটি ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়। এর ঠিক ছয় মিনিট পর ৩৬ মিনিটে ইসমাইল সাইবারির পাস থেকে বাঁ দিকে ফাঁকায় বল পেয়ে যান বিলাল এল খানুস। গোল করার দারুণ সুযোগ থাকলেও তার নেওয়া শটটি লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মরক্কো। দ্বিতীয়ার্ধে স্কটল্যান্ড ম্যাচে ফেরার চেষ্টা করলেও মরক্কোর রক্ষণভাগ ভাঙতে পারেনি। ফলে সাইবারির দ্রুততম গোলের ওপর ভর করেই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে নকআউট পর্বের দৌড়ে দারুণভাবে টিকে রইল মরক্কো। বৃহস্পতিবার ভোর চারটায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে হাইতির মুখোমুখি হবে মরক্কো, আর স্কটল্যান্ডের প্রতিপক্ষ ব্রাজিল।
"









































