ক্রীড়া ডেস্ক

  ৪ ঘণ্টা আগে

তুরস্ককে হারিয়ে টিকে রইল প্যারাগুয়ে

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে প্যারাগুয়ের সামনে ছিল ‘ডু অর ডাই’ ম্যাচ। সেই ম্যাচেই ইতিহাসের প্রথম ‘মুখ ঢেকে কথা বলায়’ লাল কার্ডের ধাক্কা সামলে দুর্দান্ত এক জয় তুলে নিল দক্ষিণ আমেরিকার দলটি। ১০ জন নিয়ে প্রায় পুরো এক অর্ধ খেলেও তুরস্ককে হারিয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রেখেছে প্যারাগুয়ে।

গতকাল শনিবার সানফ্রানসিকোর বে এরিয়া স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়ে। এই হারের ফলে তুরস্কের নকআউট পর্বে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেল।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় প্যারাগুয়ে। খেলা শুরুর মাত্র ৬৪ সেকেন্ডের মাথায় বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন মাতিয়াস গালারসা। চলতি বিশ্বকাপের দ্রুততম গোলটি শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্যও নির্ধারণ করে দেয়।

এরপর থেকে ম্যাচে আধিপত্য ছিল তুরস্কের। গোল শোধে একের পর এক আক্রমণ চালায় তারা। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ে বড় ধাক্কা খায়। তুরস্কের ডিফেন্ডার মের্ত মূলদুরের সঙ্গে বাগ্বিতণ্ডার সময় মুখ ঢেকে কথা বলায় নতুন নিয়ম অনুযায়ী ভিডিও সহকারী রেফারির পরামর্শে লাল কার্ড দেখেন অধিনায়ক মিগেল আলমিরন। বিশ্বকাপ ইতিহাসে এই নিয়মে বহিষ্কৃত হওয়া প্রথম খেলোয়াড়ও হয়ে যান তিনি।

একজন কম নিয়ে দ্বিতীয়ার্ধে রীতিমতো রক্ষণযুদ্ধ শুরু করে প্যারাগুয়ে। কিন্তু তুরস্ক সেই সুযোগও কাজে লাগাতে পারেনি। বলের দখল, আক্রমণ, শট সবকিছুতেই এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি ভিনচেঞ্জো মন্তেলার দল। মেরিহ ডেমিরালের একটি প্রচেষ্টা ক্রসবার ও পোস্টে লেগে ফিরে আসে। পরে ডেনিজ গুল ও জান উজুনও সহজ সুযোগ নষ্ট করেন।

দুই ম্যাচে তুরস্কের দুর্ভাগ্যের চিত্র অরো ভয়াবহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০টি এবং প্যারাগুয়ের বিপক্ষে ৩২টি শট নিয়েও গোল করতে পারেনি তারা। মোট ৬২টি শট নিয়েও গোলশূন্য থাকার বিরল এক রেকর্ড গড়েছে ইউরোপের দলটি। দুই ম্যাচে তাদের বল দখল ছিল যথাক্রমে ৭১.৬ এবং ৭৮.৫ শতাংশ। কিন্তু আধিপত্যকে গোলের রূপ দিতে না পারার মূল্য দিতে হলো বিশ্বকাপ থেকেই বিদায় নিয়ে।

প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়া প্যারাগুয়ে এই জয়ে ঘুরে দাঁড়িয়েছে। এখন গ্রুপ ‘ডি’-তে তাদের ভাগ্য নিজেদের হাতেই। শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই নিশ্চিত হবে নকআউট পর্বের টিকিট। অন্যদিকে টানা দুই পরাজয়ে শূন্য পয়েন্ট নিয়ে বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিতে হচ্ছে তুরস্ককে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচটি তাই তাদের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়