ক্রীড়া ডেস্ক

  ৩ ঘণ্টা আগে

হাইতিকে উড়িয়ে আনচেলত্তি বললেন, ‘আমরা উন্নতি করেছি’

মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। তবে হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর স্বস্তির হাসি ফিরেছে সেলেসাও শিবিরে। শুধু জয়ই নয়, দলের পারফরম্যান্সেও উন্নতির ছাপ দেখছেন কোচ কার্লো আনচেলত্তি। খেলার মান, আক্রমণভাগের কার্যকারিতা এবং রক্ষণভাগের নিয়ন্ত্রণ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ইতালিয়ান এই কোচ।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে মাতাইস কুনিয়ার জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে সহজ জয় পায় ব্রাজিল। তিনটি গোলই আসে প্রথমার্ধে। ম্যাচ শেষে মাঠেই দাঁড়িয়ে আনচেলত্তি বলেন, ‘প্রথমার্ধে আমরা আরো ভালো খেলেছি। আমাদের খেলায় বেশি মান ছিল, বেশি তীব্রতা ছিল এবং আক্রমণে আমরা আরো কার্যকর ছিলাম। আমরা উন্নতি করেছি। আজ আমরা উন্নতি করেছি। তবে পরের ম্যাচে আরো উন্নতি করতে হবে।’

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করলেও আক্রমণভাগের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট ব্রাজিল কোচ। তিনি বলেন, ‘আমার মনে হয় সামনে আমরা ভালো সমন্বয় দেখিয়েছি। খেলোয়াড়রা কাজটা ঠিকভাবে করেছে। সবসময় আমাদের পাঁচজন আক্রমণে ছিল। আমার মনে হয় আমরা ভালো খেলেছি।’

ম্যাচণ্ডপরবর্তী সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুস জুনিয়রের নতুন ভূমিকাও ব্যাখ্যা করেন আনচেলত্তি। হাইতির বিপক্ষে তাকে কিছুটা ভেতরের দিকে খেলিয়েছেন তিনি, আর বাম প্রান্তের দায়িত্ব বেশি ছিল ডগলাস সান্তোসের ওপর।

এই কৌশল নিয়ে আনচেলত্তি বলেন, ‘আমরা ভিনিসিয়ুসকে একটু ভেতরে খেলিয়েছি এবং প্রান্তের খেলাটা ডগলাস সান্তোসের জন্য ছেড়ে দিয়েছি। সে খুব ভালো খেলেছে। ভিনি শুধু একের বিপক্ষে এক পরিস্থিতিতেই বিপজ্জনক নয়, সে গভীর জায়গায় আক্রমণেও ভয়ংকর। মাঝমাঠের কেন্দ্রীয় অংশ দিয়ে এমন আক্রমণ আরো বেশি কার্যকর হয়। সে একটি গোল করেছে, একটি অ্যাসিস্টও করেছে। সে অবস্থান বদলাতে পারে এবং অন্যরাও সেটার সঙ্গে মানিয়ে নিতে পারে। দুই গোল করা কুনিয়ার ভূয়সী প্রশংসাও করেন ব্রাজিল কোচ। এমনকি ভবিষ্যতে ভিন্ন ভূমিকায় তাকে খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি, ‘প্রতিরক্ষায় সমস্যা তৈরি করার জন্য মাতাইসের অবস্থান খুব ভালো ছিল। এরপর সে পাস দিয়ে রক্ষণভাগ ভেঙেছে এবং নিজেও আক্রমণে ঢুকেছে। আক্রমণে কার্যকারিতা বাড়ানোর জন্য এই অবস্থান গুরুত্বপূর্ণ ছিল। এটি একটি বিকল্প হতে পারে। আমরা গতকালও এটি নিয়ে আলোচনা করেছি। আমি দলের জন্য নির্দিষ্ট কোনো পরিচয় বেঁধে দিতে চাই না। পরের ম্যাচে আমরা আবারও কিছু পরিবর্তন করতে পারি।’ মরক্কোর বিপক্ষে ম্যাচের তুলনায় কোথায় উন্নতি হয়েছে, সেটিও ব্যাখ্যা করেন এই অভিজ্ঞ কোচ, ‘আমি এই ম্যাচ থেকে যা আশা করেছিলাম, তা হলো আরো ভালোমানের ফুটবল, কম ভুল, আক্রমণে বেশি কার্যকারিতা এবং রক্ষণে বেশি নিয়ন্ত্রণ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়