ক্রীড়া ডেস্ক

  ৪ ঘণ্টা আগে

ইতালির ক্লাবের হয়ে মাঠে নামছেন রোনালদিনহো

৪৬ বছর বয়সে আবারও মাঠে নামছেন রোনালদিনহো! ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে যোগ দিয়ে ফুটবল বিশ্বে তুমুল আলোড়ন সৃষ্টি করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।

পেশাদার ফুটবল থেকে প্রায় এক দশকেরও বেশি সময় দূরে থাকার পর, সবাইকে তাক লাগিয়ে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব ‘রাভেনা’তে যোগ দিয়েছেন রোনালদিনহো। সাবেক এ বিশ্বসেরা তারকা। ক্লাবটির সঙ্গে চুক্তি সইয়ের পর শুরুতে রাভেনার শীর্ষ কর্তারা জানিয়েছিলেন, রোনালদিনহোকে মূলত ক্লাবের ব্র্যান্ডিং ও প্রচারণামূলক কাজের জন্য দলে নেওয়া হয়েছে। তবে নতুন এক বিবৃতিতে তারা ফুটবলপ্রেমীদের উত্তেজনা আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। কর্তারা জানান, ৪৬ বছর বয়সি এ সাম্বা জাদুকর রোনালদিনহোকে আবারও বুট পায়ে সরাসরি মাঠের লড়াইয়ে দেখা যাওয়ার সম্ভাবনা তারা মোটেও উড়িয়ে দিচ্ছেন না! পরিস্থিতি ঠিক থাকলে ক্লাবের হয়ে আবারও মাঠ মাতাতে পারেন রোনালদিনহো।

সাম্প্রতিক ফুটবল ইতিহাসের অন্যতম এক অপ্রত্যাশিত দলবদলে ইতালির সিরি ‘সি’র ক্লাব রাভেনার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন রোনালদিনহো। ইতালির প্রথম সারির ক্রীড়া গণমাধ্যম ‘গাজেত্তা’র সূত্র অনুযায়ী, সাবেক এ ব্যালন ডি’অরজয়ী তারকাকে আগামী ২৩ জুন মায়ামিতে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্লাবের নতুন সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে। এ চুক্তির মাধ্যমে আবারও ইতালির ফুটবলে ফিরছেন এ সাম্বা জাদুকর; এর আগে তিনি এসি মিলানের হয়ে আড়াই মৌসুম মাঠ মাতিয়েছিলেন। ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে নিজের শেষ পেশাদার ম্যাচটি খেলার পর থেকে রোনালদিনহো মূলত বিভিন্ন প্রদর্শনী ম্যাচ এবং লিজেন্ডস ইভেন্টগুলোয়ই অংশ নিয়েছেন। তবে এবার তিনি কোচ আন্দ্রেয়া মান্দোরলিনির অধীনে পুরোদমে একটি ক্লাবের আবহে ফিরছেন, যেখানে ২০২৬-২৭ মৌসুমকে সামনে রেখে নিজেদের নতুন করে গোছাচ্ছে রাভেনা।

রোনালদিনহোর এ চুক্তির খবর ছড়ানোর পর পরই ফুটবল মহলে প্রশ্ন ওঠে- তার এ আগমন কি শুধুই প্রচারণামূলক কাজের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি তিনি সত্যিই বুট পায়ে মাঠে নামবেন? রাভেনার ভাইস-প্রেসিডেন্ট আরিয়েদো ব্রাইদা অবশ্য শুরুতে ইঙ্গিত দিয়েছিলেন, এ ব্রাজিলিয়ান তারকাকে সিরি ‘সি’-র কোনো ম্যাচে খেলতে দেখা যাবে না, ‘রোনালদিনহো আমাদের সঙ্গে একটি মার্কেটিং ইভেন্টে অংশ নেবেন, তবে আগামী মৌসুমে সিরি ‘সি’-তে রাভেনার হয়ে তিনি মাঠে নামবেন না। তাছাড়া তার বয়স এখন ৪৬ বছর, তবে তিনি যদি এখনো খেলতে পারতেন, আমি সত্যিই খুশি হতাম।’ কিন্তু এর কিছু সময় পরই নিজের আগের অবস্থান থেকে কিছুটা সরে এসে রোনালদিনহোর মাঠে নামার একটি সম্ভাবনা জিইয়ে রাখেন ব্রাইদা।

ইতালিয়ান বার্তা সংস্থা ‘আনসা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রোনালদিনহো একজন কালজয়ী চ্যাম্পিয়ন। তিনি রাভেনার সঙ্গে চুক্তি করেছেন এবং আমাদের মতো একটি ক্লাবের জন্য এটি এক অসাধারণ ও অবিশ্বাস্য সাফল্য। আগামী কয়েকদিনের মধ্যেই এ অনন্য ফুটবল ব্যক্তিত্বকে সবার সামনে উন্মোচন করার জন্য একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হবে। তিনি কি আসলেই খেলবেন? দেখা যাক কী হয়, তবে তার খেলার সম্ভাবনা কিন্তু আমরা একদম উড়িয়ে দিচ্ছি না। আমি আবারও বলছি- তিনি একজন কালজয়ী চ্যাম্পিয়ন।’ মাঠে তিনি কত মিনিট খেলার সুযোগ পাবেন তা নিয়ে ধোঁয়াশা থাকলেও, রাভেনার এ নতুন প্রজেক্টে যুক্ত হতে পেরে নিজের উচ্ছ্বাস কিন্তু লুকিয়ে রাখেননি খোদ রোনালদিনহো। বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ এবং ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী এ কিংবদন্তি প্লেমেকার তার ট্রেডমার্ক ‘জোগা বনিতো’ দর্শন ইতালিয়ান ক্লাবটির সমর্থকদের মাঝে ছড়িয়ে দিতে ভীষণ উন্মুখ হয়ে আছেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রোনালদিনহো বলেন, ‘নতুন জার্সি, কিন্তু আমার সেই চিরচেনা হাসিটা একই আছে।

আমি আবারও বল পায়ে সেই চেনা ছন্দে নাচতে এবং ইগনাৎসিও ও পুরো চিপরিয়ানি পরিবারের সঙ্গে মিলে ফুটবলের এক নতুন গল্প লিখতে আর তর সইতে পারছি না। ফুটবল সবসময়ই আমার কাছে আনন্দের সবচেয়ে বড় উৎস, আর রাভেনার বুকেও আমি ঠিক এ একই আনন্দ ছড়িয়ে দিতে চাই।’ আগামী ২৩ জুন মায়ামিতে আনুষ্ঠানিকভাবে সবার সামনে হাজির করা হবে রোনালদিনহোকে; আর তখনই হয়তো ক্লাবে তার আসল ভূমিকা কী হতে যাচ্ছে, সে বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানা যাবে।

তবে আপাতত এ ব্রাজিলিয়ান তারকা আসলেই কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়