ক্রীড়া প্রতিবেদক
কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যুতে বিসিবির শোক

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক কিংবদন্তি হকি খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক আবদুস সাদেক গতকাল ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আবদুস সাদেক ছিলেন বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব। দেশ স্বাধীন হওয়ার আগে ও পরে- দুই মিলিয়েই আন্তর্জাতিক হকিতে পাকিস্তান ও বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি। শুধু হকি মাঠেই নয়, দেশের ঘরোয়া ফুটবলেও তিনি ছিলেন একজন নামি ফুটবলার। ঢাকা লিগে সর্বোচ্চ স্তরে দাপটের সঙ্গে ফুটবল খেলেছেন তিনি। খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর পরও খেলার মাঠের সঙ্গেই জড়িয়ে ছিলেন আবদুস সাদেক। একজন দক্ষ সংগঠক হিসেবে দেশের হকি ও সামগ্রিক ক্রীড়াঙ্গনের উন্নয়নে আজীবন অবদান রেখে গেছেন তিনি। তার এ একনিষ্ঠ নিবেদন তরুণ প্রজন্মের অগণিত অ্যাথলেটকে অনুপ্রাণিত করেছে, যা দেশের ক্রীড়া কাঠামোর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আবদুস সাদেকের মুত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক শোকবার্তায় বিসিবি সভাপতি, পরিচালনা পর্ষদ, জাতীয় দলের ক্রিকেটার ও কর্মকর্তা-কর্মচারীরা প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
শোকবার্তায় বিসিবি জানায়, আবদুস সাদেক ছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম সম্মানিত ও বিশিষ্ট ব্যক্তিত্ব। ক্রীড়াক্ষেত্রে তার গৌরবময় অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বিসিবি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছে।
"









































