ক্রীড়া প্রতিবেদক
ফন ডাইকের হেডে স্বস্তির জয় লিভারপুলের

দীর্ঘদিন পর মাঠে এমন এক ম্যাচ খেলল লিভারপুল, যেখানে ধৈর্যই হয়ে উঠল বড় অস্ত্র। প্রতিপক্ষের মাঠে বলের নিয়ন্ত্রণ, সুযোগ সৃষ্টি এবং ক্রমাগত চাপ; সবকিছু মিলিয়েও গোল আসছিল না। অবশেষে বিরতির পর কর্নার থেকে অধিনায়ক ভার্জিল ফন ডাইকের হেডই গড়ে দিল ব্যবধান। ১-০ গোলের জয় এনে দিল স্বস্তি, আর লিভারপুল ফিরল জয়ের ধারায়।
বুধবার রাতে সান্ডারল্যান্ডের মাঠে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের ম্যাচে শুরু থেকেই এগিয়ে ছিল লিভারপুল। আর্নে স্লটের দল বল দখলে ও আক্রমণে স্পষ্ট প্রাধান্য দেখায়। ৩৩তম মিনিটে এগিয়ে যাওয়ার বড় সুযোগ পান ফ্লোরিয়ান ভির্টজ। তার শট পোস্টে লেগে ফিরে আসে। কয়েক মিনিট পর আবারও বক্সের ভেতরে হেড নিলেও গোলরক্ষক রুখে দেন। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য, তবে পরিসংখ্যানে লিভারপুলের শ্রেষ্ঠত্ব স্পষ্ট ছিল। দ্বিতীয়ার্ধেও একই চিত্র। অবশেষে ৬১তম মিনিটে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। ডান দিক থেকে মোহামেদ সালাহর নেওয়া কর্নার থেকে পাওয়ারফুল হেড নেন ফন ডাইক। বল প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মাথায় লেগে জালে ঢুকে যায়। গোলরক্ষকের পক্ষে থামানো সম্ভব হয়নি। এই গোলের মাধ্যমে প্রিমিয়ার লিগে নিজের মোট গোলসংখ্যা ২৩ এ নিয়ে গেলেন ডাচ ডিফেন্ডার। যা একজন সেন্টার-ব্যাকের জন্য দারুণ কিছু। লিভারপুলের জন্য এই জয় ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। গত আট লিগ ম্যাচে এটি তাদের মাত্র দ্বিতীয় জয়। আগের রাউন্ডে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ ব্যবধানে হার দলটির আত্মবিশ্বাসে ধাক্কা দিয়েছিল।
"









































