ক্রীড়া ডেস্ক
নিয়ম ভেঙে ৩০ মিনিট বিরতি দিতে চায় ফিফা

নিজেদের তৈরি নিয়মই ভাঙতে চলেছে ফিফা। আগামী ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সেখানে আয়োজন করা হচ্ছে আমেরিকান ফুটবলের ‘সুপার বোল’-এর আদলে এক মেগা হাফটাইম কনসার্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, এমন আয়োজন বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম।
এত বড় আয়োজনের মঞ্চ তৈরি ও তা সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজন বাড়তি সময়। আর সে কারণেই ফাইনালের মধ্যবিরতি প্রচলিত ১৫ মিনিট থেকে বাড়িয়ে প্রায় ৩০ মিনিট করার পরিকল্পনা করেছে ফিফা- যা সরাসরি সাংঘর্ষিক ফুটবলের আন্তর্জাতিক আইন ও ফিফার নিজস্ব নিয়মের সঙ্গে। বিশ্বকাপের নিয়মের ৩৬.১ অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নিয়ম অনুযায়ীই পরিচালিত হতে হবে সব ম্যাচ। আর ৩৬.৫ অনুচ্ছেদ অনুযায়ী, দুই অর্ধের মাঝে খেলোয়াড়েরা পাবেন সর্বোচ্চ ১৫ মিনিটের বিরতি। আইএফএবির ৭ নম্বর আইনেও একই সময়সীমা বেঁধে দেওয়া আছে। নিয়মে অবশ্য এটাও বলা আছে যে বিশেষ প্রয়োজনে রেফারি চাইলে কিছুটা পরিবর্তন আনতে পারেন, তবে সর্বোচ্চ সীমা সেই ১৫ মিনিটই থেকে যায়।
"









































