ক্রীড়া ডেস্ক

  ৯ ঘণ্টা আগে

বিধ্বস্ত ফ্রান্স

রেফারির মান নিয়েও প্রশ্ন দেশ্যমের

স্পেনের কাছে বিশ্বকাপ সেমিফাইনালে হারের পর ফ্রান্সের খেলোয়াড়রা বিধ্বস্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন প্রধান কোচ দিদিয়ের দেশ্যম। একইসঙ্গে তিনি ম্যাচের রেফারি এল সালভাদরের ইভান বার্টনের মান নিয়েও প্রশ্ন তুলেছেন।

দেশ্যমের আক্রমণাত্মক ও ছন্দময় ফ্রান্স দল টুর্নামেন্টজুড়ে দারুণ ফুটবল উপহার দিয়ে শেষ চারে উঠেছিল। ছয় ম্যাচে ১৬ গোল করে তারা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা দলগুলোর সঙ্গে তুলনায় ওঠে এসেছিল। কিন্তু মঙ্গলবার রাতে স্পেনের দাপুটে নৈপুণ্যের সামনে ফ্রান্সের তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায়। টুর্নামেন্ট শেষে দায়িত্ব ছাড়তে যাওয়া দেশ্যমও এই হারের ব্যাখ্যা খুঁজে পেতে হিমশিম খাচ্ছিলেন। টেক্সাসের আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ম্যাচ শেষে দেশ্যম বলেন, ‘অবশ্যই আমরা ভীষণ হতাশ।’ তিনি আরো বলেন, ‘খেলোয়াড়রা বিধ্বস্ত, কারণ আমাদের অনেক বড় স্বপ্ন ছিল। তবে একইসঙ্গে বাস্তবতাও মেনে নিতে হবে। আজ কৌশলগত দিক থেকে আমরা এমন একটি দলের চেয়ে এক ধাপ পিছিয়ে ছিলাম, যারা পুরো ম্যাচ খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে। তবে সবার আগে বলব, এটি আমাদেরই দোষ। আমি কারো ওপর দায় চাপাতে চাই না।’ তবে নিজের দলের দায় স্বীকার করলেও রেফারি ইভান বার্টনকে খোঁচা দিতে ছাড়েননি দেশ্যম।

প্রথমার্ধে লুকাস দিনিয়ে লামিনে ইয়ামালকে ফাউল করলে স্পেনের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান বার্টন। সেই সিদ্ধান্ত নিয়েই পরোক্ষভাবে প্রশ্ন তোলেন ফরাসি কোচ। দেশ্যম বলেন, ‘আমি একটি প্রশ্ন করব, তবে তার উত্তর দেব না। বিশ্বকাপের সেমিফাইনাল পরিচালনা করার জন্য এই রেফারির মান কি যথেষ্ট? তিনি আরো বলেন, ‘আজ আমরা হেরেছি বলেই শুধু এটা বলছি না। ম্যাচে এমন অনেক পরিস্থিতি ছিল। অবশ্য কিছু সিদ্ধান্ত আমাদের পক্ষেও গেছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়