‘জুলাই শহীদ দিবস’-এর কর্মসূচি ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা

‘জুলাই শহীদ দিবস’-এর কর্মসূচিতে নিশ্ছিদ্র নিরাপত্তা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচিতে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী মহল যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাবও নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
ঝুঁকি পর্যালোচনা করে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে র্যাবও ‘জুলাই শহীদ দিবস’ এর নিরাপত্তা জোরদার করেছে।
বুধবার র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। র্যাব জানিয়েছে, নিরাপত্তা হুমকির স্থান পর্যালোচনাপূর্বক পরিকল্পনা প্রণয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি অব্যাহত রাখাসহ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে র্যাব পৃথকভাবে দায়িত্ব পালন করবে।
গোয়েন্দা কার্যক্রম জোরদার এবং আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকাভিত্তিক সোর্স নিয়োগ করা হয়েছে। প্রত্যাবর্তন কর্মসূচির রুটসমূহে সাদা পোশাকে গোয়েন্দা দল নিয়োগের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে।
র্যাব আরো জানায়, সন্দেহভাজন ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যক্তিবর্গের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। র্যাবের টহল কার্যক্রম দৃশ্যমান রয়েছে এবং চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানস্থল এবং জুলাই স্মৃতিস্তম্ভের নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দ্বারা সুইপিং সম্পন্ন করা হচ্ছে। সুইপিং পরিচালনার পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড যেকোনো উদ্ভূত পরিস্থিতির জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।









































