ক্রীড়া ডেস্ক
হেরে চাকরি খুইয়ে ভুলের মাশুল

ঘুরেফিরে আসছিল একটি প্রশ্ন- চাকরি বাঁচাতে পারবেন তো উনাই এমেরি? বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে এইনট্রাখট ফ্র্যাংকফুর্টের কাছে ইউরোপা লিগে হারের পর এমেরির আসনটি নড়বড়ে হয়ে গিয়েছিল। গানাররা হেরেছে ২-১ গোলে। শেষ পর্যন্ত বরখাস্তই করা হয়েছে এমেরিকে। ওই রাতেই একই ব্যবধানে কাজাখস্তানের এফসি আস্তানা হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।
আর্সেনাল জয়ের স্বাদ পায়নি এক মাসেরও বেশি হয়ে গেল। গত ২৫ অক্টোবর গুইমারায়াসেকে হারিয়েছিল তারা ইউরোপা লিগে। সব ধরনের প্রতিযোগিতায় ৭ ম্যাচে এবার দ্বিতীয় হারের স্বাদ পেল তারা। প্রথমার্ধে পিয়েরে এমেরিক আউবামেয়াংয়ের গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। কিন্তু বিরতির পর দাইচি কামাদার জোড়া গোলে হার মানে তারা।
অবশ্য এই হারের পরও ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আর্সেনাল। এক পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে ফ্র্যাংকফুর্ট। স্তান্দার্দ লিয়েজ ৭ পয়েন্ট নিয়ে তিনে। গুইমারায়েসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। ১২ ডিসেম্বর শেষ ম্যাচে গানাররা মুখোমুখি হবে লিয়েজের।
প্রিমিয়ার লিগে ব্যস্ত সূচি থাকায় কাজাখস্তানে তরুণ দল নামান ম্যানইউ কোচ ওলে গুনার সোলশার। এর মাশুল দিতে হয়েছে হেরে। আগেই শেষ ৩২ নিশ্চিত করা ইউনাইটেডের বিপক্ষে জিতে ‘এল’ গ্রুপে প্রথমবার পয়েন্ট অর্জন করেছে আস্তানা।
ইউনাইটেড অধিনায়ক জেসে লিনগার্ড ১০ মিনিটে নিচু শটে গোল করেন। বিরতির পর দিমিত্রি শোমকো সমতা ফেরান। পরে ডি’শন বার্নার্ডের আত্মঘাতী গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আস্তানা। যদিও ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষেই ম্যানইউ। তাদের টপকে যাওয়ার সুযোগ নষ্ট করেছে এজেড আলকমার, পার্টিজান বেলগ্রেডের সঙ্গে ২-২ গোলের ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দলটি।
ফলাফল
আর্সেনাল ১-২ ফ্র্যাঙ্কফুর্ট
আস্তানা ২-১ ম্যানইউ
"









































