ক্রীড়া ডেস্ক
ফাইনাল ম্যাচ শেষে হাতাহাতি তদন্ত করবে ফিফা

ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা উঁচিয়ে ধরে স্পেন। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। তবে মাঠের উত্তেজনা কেবল খেলাতেই সীমাবদ্ধ থাকেনি, শেষ বাঁশি বাজতেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে তৈরি হয় তীব্র গোলযোগ, যা পরে হাতহাতিতে রূপ নেয়। ম্যাচের ৯৩তম মিনিটে এনজো ফার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। ম্যাচের পুরো সময়জুড়ে চলতে থাকা মানসিক চাপ ও উত্তেজনা শেষ বাঁশি বাজার পর ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ম্যাচ শেষে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়া ও মিডফিল্ডার গাভির সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। মুহূর্তের মধ্যেই তা ধাওয়া-ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে পরিস্থিতি শান্ত করার জন্য খেলোয়াড়দের আলাদা করতে দেখা যায়। ২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর মাঠে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু করেছে ফিফা। স্পেনের কাছে হারের পর দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এ ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, নাহুয়েল মোলিনা এবং সহকারী কোচ রবার্তো আয়ালাসহ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে আলোচনা চলছে। ফিফার শৃঙ্খলা কমিটি ঘটনার ভিডিও, ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদন এবং অন্য প্রমাণ পর্যালোচনা করছে। অভিযোগ প্রমাণিত হলে ফিফার শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে এক বা একাধিক শাস্তি দেওয়া হতে পারে।
কী ধরনের শাস্তি হতে পারে?
দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা : ঘটনার গুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্ট খেলোয়াড় বা কর্মকর্তাদের নির্দিষ্ট সময়ের জন্য আন্তর্জাতিক কিংবা সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হতে পারে। অতীতে গুরুতর শৃঙ্খলাভঙ্গের ঘটনায় এমন শাস্তির নজির রয়েছে। স্পেনের ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেস স্পেনের নারী বিশ্বকাপ জয়ের পর জেনি এরমোসোর ঠোঁটে চুমু দেওয়ার ঘটনায় ফিফা এই ধারার অধীনে তার বিরুদ্ধে অভিযোগ এনেছিল। রুবিয়ালেসকে ২০২৩ সালে তিন বছরের জন্য সব ধরনের ফুটবল-সংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছিল এবং তিনি সেই সিদ্ধান্ত বাতিলের আবেদনেও সফল হননি।
"







































