ক্রীড়া প্রতিবেদক
নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু

সাঁতার ডিসিপ্লিন দিয়ে শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। গতকাল মঙ্গলবার মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে উৎসবমুখর পরিবেশে সাঁতার প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম। উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।
প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে গত পহেলা মে সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল। উপজেলা ও জেলা পর্যায় পেরিয়ে সফলভাবে বিভাগীয় ধাপ শেষ করে এখন জাতীয় পর্যায়ের চূড়ান্ত খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে।’
?প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে ৮টি ডিসিপ্লিন দিয়ে খেলা শুরু হলেও এতে নতুন করে ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হয়ে মোট ইভেন্টের সংখ্যা দাঁড়াচ্ছে ১০টিতে। প্রথম আসর শেষ হওয়ার আগেই ১ জুলাই থেকে দ্বিতীয় আসরের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে নতুন কোনো বিভাগীয় শহর থেকে দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ?আগামী ২৭ জুলাই বিকেল ৪টায় আর্মি স্টেডিয়ামে এই প্রতিযোগিতার বর্ণাঢ্য সমাপনী ও সেরা ক্রীড়াবিদদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ক্রীড়া প্রতিমন্ত্রীর বিশ্বাস, সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবে ভারত : চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করার কথা রয়েছে ভারত জাতীয় ক্রিকেট দলের। মূলত এই সফরটা হওয়ার কথা ছিল গত বছর। কিন্তু ভারত সরকারের সবুজ সংকেত না পাওয়ায় সফরটি পিছিয়ে যায়। এবারের সফর নিয়েও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন ভারত সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করার জন্য মুখিয়ে আছে।
মঙ্গলবার মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে উৎসবমুখর পরিবেশে সাঁতার প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আমিনুল হক। সেখানে আসন্ন ভারত সফর নিয়ে প্রশ্ন করা হয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কা থাকায় ভারতে খেলতে যায়নি বাংলাদেশ। পরে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই বাদ দেয়। এ নিয়ে বিসিসিআই ও বিসিবির মধ্যে সম্পর্কের টানপোড়েন তৈরি হয়।
আমিনুল জানিয়েছেন বর্তমান সরকার ক্রীড়া কূটনীতি নিয়ে কাজ করছে। তিনি বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গেও কথা বলেছেন। তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্রীড়া কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আর ক্রিকেট যেহেতু আমাদের একটি মর্যাদার জায়গা, ক্রিকেট যেহেতু আমাদের বিশ্ব ক্রিকেটে আমাদের অত্যন্ত সুদৃঢ় একটি অবস্থান রয়েছে, সেই ক্ষেত্রে বিগত সময়ের একটি ঘটনাকে কেন্দ্র করে, বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে যে একটি টানাপোড়েন হয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
আমিনুল আরো বলেন, ‘এরই মধ্যে আমি নিজেই আমাদের যে ভারতীয় দূতাবাসে আমি কথা বলেছি, তারাও আমাদের সঙ্গে কথা বলেছে, তারা সবাই অপেক্ষা করছে যে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে। আসার পরে বিগত সময়ের যে ছোট্ট একটি যে ঘটনাকে কেন্দ্র করে যে একটি টানাপোড়েন হয়েছিল, আমি মনে করি সেটাকে কাটিয়ে উঠব ইনশাল্লাহ। আমরা সুন্দরভাবে পার্শ্ববর্তী সব দেশের সঙ্গেই আমাদের যে ক্রীড়া কূটনীতি, যোগাযোগ সবকিছুই খুব স্বাভাবিকভাবেই চলমান থাকবে ইনশাল্লাহ।’
এর আগে চলতি বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দেয়, ২০২৫ সালে স্থগিত হওয়া ভারত সফরটি ২০২৬ সালের আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। এ ছাড়াও সম্প্রতি বিসিবি ভারত সিরিজের টেলিভিশন ও মিডিয়া স্বত্ব বিক্রির জন্য দরপত্র আহ্বান করলে সিরিজ আয়োজনের সম্ভাবনা আবারও জোরালো হয়।
"







































