শাম্মী তুলতুল
পুঁচকে মশার দল

একদিন এক হাতি ছুটছিল তার ঘরের দিকে। ছুটতে গিয়ে ধাক্কা লাগে এক মশার সাথে। ধাক্কা খেয়ে মশাকে পরে যেতে দেখে হাতি বলে, পুচকে মশা দেখে চলতে পারিস না?
মশা বলে, আমি তো দেখেই চলছিলাম তুমি এতো জায়গা থাকতে আমার ওপর চড়ে বসলা কেন?
দেখ তর্ক করবি না আমার তাড়া আছে চললাম।
কেন মশাই কী হয়েছে কোন সহযোগিতায় আসতে পারি কী?
কথাটা শুনে হাতি হা হা হো হো করে হেসে দিলো।
মশা তখন মুখ বাঁকিয়ে বলে, হাসছ কেন?
তুই আমার উপকার করবি তা শুনে। নিজের উপকার করতে হিমশিম খাস।
মশা তখন রেগে বলে, দেখো আমার মাথা গরম করোনা।
কলা খেতে গিয়েছিলাম এক কৃষকের বাগানে, খেতে পারলাম না তাই আমার মাথাও গরম কম না। যা ভাগ পুচকে মশা।
বার বার পুচকে মশা কথাটা মশার খুব গায়ে লাগলো। মনস্থির করলো একটা শাস্তি দেওয়া চাই হাতি ভাইকে।
মশা তখন তার দলের সবার সাথে কথা বলল। শুনে দলের সবাই ক্ষেপে গেল। দলের একজন বলে, আমাদের দল কত ভারী তা এখনো দেখেনি বাচাধন। আমরা কী করতে পারি বোঝাবো এইবার। সবাই কাল দেখা হবে এই বলে যে যার কাজে চলে গেল।
আবার একই পথ দিয়ে হাতি যাচ্ছিলো। সেই মশার সাথে আবার দেখা হয়ে গেল হাতির।
মশা বলে, কী হাতি ভাই আজও কী মন খারাপ?
হাতি বলে, আজকেও কী আমার উপকার করবি পুচকে মশা?
কথাটা শোনা মাত্রই মশার গা জ্বলে গেল।
মশাকে ফুঁসতে দেখে হাতি হাঁসতে হাঁসতে মাটিতে গড়িয়ে পরার অবস্থা।
মশা তখন চেঁচিয়ে বলে, দেখে নিবো তোকে। অনেক ভদ্রতা দেখিয়েছি। হেসে নে যত পারিস ।
হাতি মশাকে ক্ষেপীয়ে মনের সুখে কলা খেতে জঙ্গলে প্রবেশ করছিল, মশা তখন তার দলবল নিয়ে হাতিদের আক্রমণ করতে প্রস্তুতি নিলো।
মশারা কোমরে হাত দিয়ে সৈনিকের মতো হাতির সামনে এসে দাঁড়াল।
তাদের দেখে হাতি ব্যাঙ্গ করে বলে, কীরে পুচকে তোরা এখানে কী চাস কলা খাবি? ওহ তোরা তো রক্ত খাস। এসব তোদের জন্য না।
মশা বলে, কলা খাওয়া বন্ধ কর।
অ্যা কী কী আবার বল।
খাওয়া বন্ধ করতে বলেছি।
হাতি আবার হাসে হে হে হে হে। কত বড় সাহস আমাকে ধমক দিচ্ছিস?
মশা বলে, আমাদের সাহস এবার দেখ।
মশারা একসাথে আক্রমণ বলে দিলো হাতির ল্যাজে হুল ফুটিয়ে।
কামড় খেয়ে হাতি ওমারে-ওবাবারে বলে দিলো চিৎকার। এইবার হুল ফুটিয়ে হাতির কানের কাছে বু বু বু বু শব্দ করা শুরু করলো মশারা।
হাতি বলে, ওরে এতো মারের চেয়ে যন্ত্রণাদায়ক।
হাতি তার কান ঝেড়েও লাভ হয় না। তারা আবার আসে দলবলে। এবার সব মশা লেজের ওপর বসে কামড় দিতে লাগলো। যতই তাড়ায হাতি ততই তার শরীরে কামড় বসায়।
শেষ পর্যন্ত কাঁদতে লাগলো হাতি। বলে, দেখ ভাই আমার যথেষ্ট শিক্ষা হয়ে গেছে। শুঁড় নিচু করে ক্ষমা চাইছি। অনেক কথা বলে ফেলেছি। অনেক ছোট করেছি তোমাদের। আর না এই দেখ কান ধরলাম। ছোটদের কোনোদিন অবজ্ঞা করবোনা ভাই এই বলে দিলাম।
তার মাফ চাওয়া দেখে মশারা হাঁসতে হাঁসতে চলে গেল বিজয়ীর বেশে।
বিঃদ্রঃ অসহায়দের কখনো দুর্বল ভাবতে নেই। তদের ওপর অত্যাচার মাত্রাতিরিক্ত হলে তারা আর চুপ থাকেনা।
"






































