নরসিংদী ও রায়পুরা প্রতিনিধি

  ৫ ঘণ্টা আগে

শখের গোসল কেড়ে নিল চার মাদরাসাছাত্রীর প্রাণ

শখের বশে নদীতে গোসলে নেমে একসঙ্গে নিথর হয়ে গেল চার শিক্ষার্থীর প্রাণ। নিজেদের মাদরাসার পাশ দিয়ে বয়ে যাওয়া কাঁকন নদীতে গোসলে নেমেছিল তারা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার বরকান্দা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। সন্তান হারিয়ে পরিবারগুলো পাগলপ্রায়। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত চার শিশু হলো- বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) ও রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮) এবং বিল্লাল হোসেনের মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই বড়কান্দার গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিল।

এলাকাবাসী জানায়, উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থীদের সকালে ক্লাস শুরু হয়। ছুটির পর ৬ শিশু শিক্ষার্থী মাদরাসার পাশের নদীতে গোসল করতে নামে। ওই সময় এক ছাত্রী পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে এগিয়ে যায় বাকি ৫ ছাত্রী। ওই সময় তাদের মধ্যে ৩ জন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ওসি মজিবুর রহমান বলেন, পানিতে ডুবে ৪ শিশু মৃতের খবর পেয়েছি। হাসপাতালে ৩ জনের লাশ পেয়েছি। আরো একজনের লাশ বাড়িতে নিয়ে গেছে।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান বলেন, ‘দুপুর ১টায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের কারোরই শ্বাস, হার্টবিট পাওয়া যাচ্ছিল না।’

এদিকে একমাত্র মেয়ে তাবিয়াকে হারিয়ে পাগলপ্রায় বাবা শামীম। হাসপাতালের এক কোনে বসে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘সকালে খাবারের পর কাজের উদ্দেশে তিতাস ট্রেন ধরতে বাড়ি থেকে বের হয়ে রায়পুরা বাজার আসি। তখনই বাড়ি থেকে ফোন আসে মেয়ে পানিতে ডুবে মারা গেছে। পরে আমি দ্রুত হাসপাতাল চলে আসি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়