নিজস্ব প্রতিবেদক

  ১০ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

চিরনিদ্রায় শায়িত জমিরউদ্দিন সরকার

বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক, সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ৯৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রবিবার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। জমিরউদ্দিন সরকারের সহধর্মিণী নূর আখতার ২০২৩ সালে মৃত্যুবরণ করেন। তিনি এক মেয়ে ও দুই ছেলেসন্তান রেখে গেছেন। তার ছেলে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

দুই দফা জানাজার পর গতকাল রবিবার সংসদ চত্বরে দাফন করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। দলের স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে আজ সোমবার ঢাকাসহ সারা দেশে শোক দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

জমিরউদ্দিন সরকারকে দাফন করা হয় সংসদ চত্বরে : জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দুই দফা জানাজার পর গতকাল সংসদ চত্বরে দাফন করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের জানাজা গতকাল সম্পন্ন হয়। বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা হয়। পরে বাদ আসর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা হয়। দ্বিতীয় জানাজা শেষে জাতীয় সংসদ চত্বরে তার লাশ দাফন করা হয়ে। তার বয়স হয়েছিল ৯৪ বছর। ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ী গ্রামে তার জন্ম হয়েছিল।

জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে আজ দেশব্যাপী শোক পালন করবে বিএনপি : দলের স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে আজ সোমবার ঢাকাসহ সারা দেশে শোক দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক দিনের কর্মসূচি ঘোষণা করছে। আজ সোমবার দেশব্যাপী শোক দিবস পালন করা হবে। এ উপলক্ষে ঢাকাসহ সারা দেশের দলীয় কার্যালয়গুলো কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা প্রত্যেকে কালোব্যাজ ধারণ করবেন। রিজভী জানান, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম নামাজে জানাজা বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে এবং পরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৫টায় আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়